কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ(কেমুসাস) এর উদ্যোগে গতবারের ন্যায় এবারও “কেমুসাস সাহিত্য সম্মেলন ও সপ্তদশ কেমুসাস সাহিত্য পুরষ্কার-২০২৬”- আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ২৮ নভেম্বর ২০২৬,শনিবার দিনব্যাপী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে কেমুসাস সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্প্রতি কেমুসাসের মাসিক কার্যকরী পরিষদের এক সভায় সাহিত্য সম্মেলন উদযাপন উপকমিটির প্রস্তাবনার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে কেমুসাস সাহিত্য সম্মেলন উদযাপন উপকমিটির আহ্বায়ক কবি কামাল তৈয়ব অ্যাডভোকেট-এর সভাপতিত্বে ও সদস্য সচিব শাবিপ্রবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক আহমদ মাহবুব ফেরদৌসের পরিচালনায় এক সভায় কেমুসাস সাহিত্য সম্মেলন বাস্তবায়ন সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। উক্ত সভায় কেমুসাস সাহিত্য সম্মেলন বাস্তবায়ন উপকমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেমুসাসের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সহসাধারণ সম্পাদক কবি আব্দুল মুকিত অপি এডভোকেট, পাঠাগার সম্পাদক অধ্যক্ষ কবি নাজমুল আনসারী, সাহিত্য ও গবেষণা সম্পাদক প্রভাষক-ছড়াকার কামরুল আলম, সহলাইব্রেরি সম্পাদক কবি ইশরাক জাহান জেলী ও গল্পকার মিনহাজ ফয়সল।

উল্লেখ্য, এবারের কেমুসাস সাহিত্য সম্মেলন ১৯৩৮ সালে অনুষ্ঠিত প্রথম কেমুসাস সাহিত্য সম্মেলনে সভাপতিত্বকারী দেওয়ান আহবাব চৌধুরী বিএ,বিদ্যাবিনোদ-কে নিবেদন করা হচ্ছে। তাছাড়া “সিলেটে কবি কাজী নজরুল ইসলামের শুভাগমন ও সিলেটে নজরুল চর্চার শতবছর” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কেমুসাসের সাধারণ সম্পাদক, বিশিষ্ট গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল।

এবারের সাহিত্য সম্মেলনও দেশের সকল কবি,সাহিত্যিক,লেখক ও সংস্কৃতিকর্মীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। সম্মেলনে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য দেশের সকল পর্যায়ের কবি-সাহিত্যিকগণের জন্য অনলাইনে এবং অফলাইনে (সাহিত্য সংসদ কার্যালয়ে এসে) ৩০০/=টাকা ফি প্রদান ও নির্ধারিত ফরম ফিলাপ করে নিবন্ধন করতে পারবেন। সংসদের কার্যকরী পরিষদের মাসিক সভায় গত শনিবার নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেমুসাসের সভাপতি, ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান।

আগামী ২৮ নভেম্বর,শনিবার দিনব্যাপী এ সম্মেলনে প্রতিবারের ন্যায় এবারও দেশবরেণ্য একজন লেখককে সপ্তদশ কেমুসাস সাহিত্য পুরস্কার প্রদান করা হবে। এবার কেমুসাস সাহিত্য পুরস্কার পাচ্ছেন দেশবরেণ্যে কথাসাহিত্যিক অধ্যাপক ডা. আবদুল হাই মিনার। এছাড়াও সম্মেলনে আলোচনা সভা, কবিতা ও ছড়া পাঠ অনুষ্ঠিত হবে। নিবন্ধিত লেখকগণ কবিতা ও ছড়াপাঠে অংশ গ্রহণ করবেন। নিবন্ধিত লেখকগণকে আকর্ষণীয় উপহার সামগ্রী প্রদান করা হবে। এবারের কেমুসাস সাহিত্য সম্মেলনের দুটি অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আজম। দিনব্যাপী কবি সমাবেশে সভাকবি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সচিব ও কবি মোফাজ্জল করিম। তাছাড়া সাহিত্য সম্মেলনের সমাপনীপর্বে ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয় ও আসাম বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক ও নজরুল গবেষক ড. সুমিতা চক্রবর্তী ও ড. বেলা দাস অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। সাহিত্য সম্মেলনের সার্বিক বিষয়ে ০১৭১১৩১১৫৭৪(মাহবুব) এবং ০১৭১১৪৮০৩৭৯(কামরুল) নাম্বারে যোগাযোগ করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *