যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট কেইশা ল্যান্স বাটমস। এ জয়ের মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো অঙ্গরাজ্যের নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে আনাদোলু এজেন্সি তাঁর ঐতিহাসিক জয়ের তথ্য জানিয়েছে।
আটলান্টার সাবেক মেয়র এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা বাটমস একই সঙ্গে জর্জিয়ার প্রথম নারী ও প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।
এই জয়ের মাধ্যমে ডেমোক্র্যাটদের জন্য বড় সাফল্য এসেছে। ১৯৯৮ সালের পর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যটিতে গভর্নর নির্বাচনে আর জয় পায়নি দলটি।
মেয়াদ শেষ হওয়া রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বাটমস। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি বিলিয়নিয়ার স্বাস্থ্যসেবা নির্বাহী রিক জ্যাকসনকে পরাজিত করেন।
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ায় জয়লাভ করার ঠিক দুই বছর পর এ ফলাফল সামনে এলো।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত আটলান্টার মেয়র হিসেবে দায়িত্ব পালন করা বাটমস মেডিকেড সম্প্রসারণ, সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা এবং ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির বিরোধিতাকে সামনে রেখে নির্বাচনি প্রচারণা চালিয়েছিলেন।
