মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অভিযান চালিয়ে ১২০ লিটার এ্যালকোহলযুক্ত চোলাইমদসহ মো. আমির হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়। বৃহস্পতিবার ( ৫ নভেম্বর) দুপুরে অভিযানে তাকে আটক করা হয়।
মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল-ভানুগাছ রোডের ভুরভুরিয়া চা বাগানের পুরাতন লাইনসংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় একটি নাম্বারবিহীন ব্যাটারিচালিত অটোরিক্সা তল্লাশি করে তিনটি প্লাস্টিকের বস্তার ভেতরে থাকা মোট ৬টি প্লাস্টিক জার থেকে ১২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। প্রতি জারে ২০ লিটার করে মদ ছিল। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিক্সাটি ও এর চাবি জব্দ করা হয়।
আটককৃত আসামি মো. আমির হোসেন কমলগঞ্জ উপজেলার বাঘমারা (বালিগাঁও) গ্রামের মো. শফিক মিয়া ও রাহেলা বেগম দম্পতির ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
