শাবিপ্রবি প্রতিনিধি

দেশের ক্যাম্পাসগুলোর মধ্যে সর্বোচ্চ উঁচু স্থানে নির্মিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় শহীদ। দীর্ঘদিন সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে ফাটলসহ ঝুঁকিতে রয়েছে দেশের অন্যতম সুন্দর এই শহীদ মিনারটি। শহীদ মিনারের মূল সৌন্দর্য ফিরিয়ে আনতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে অতি দ্রুত ও মানসম্মতভাবে সংস্কারকাজ সম্পাদনের তাগিদ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় তিনি সরেজমিনে শহীদ মিনার প্রাঙ্গণ পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপাচার্য দেখতে পান, শহীদ মিনারের মূল বেদি, সমতল চত্বরের মাটি সরে যাওয়া অংশ, প্রতিরক্ষা দেওয়াল (সাপোর্ট ওয়াল) ও প্রবেশপথের সিঁড়িসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ফাটল ধরেছে। এ ছাড়া বিভিন্ন অংশের ইট ধসে ও সরে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় শহীদ মিনারের স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য বিঘ্নিত হচ্ছে।

উপাচার্য শহীদ মিনারের প্রতিটি অংশ ঘুরে খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন এবং সার্বিক পরিস্থিতি দেখে অবিলম্বে সংস্কারকাজ শুরুর জন্য দায়িত্বপ্রাপ্ত প্রকৌশল ও প্রশাসনিক কর্মকর্তাদের তাৎক্ষণিক দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ‘সাস্ট রাইটিং সেন্টার’-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোরাদ, ‘বিজয় ২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়া, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মনযুর-উল-হায়দার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *