গাজায় যুদ্ধবিরতি চললেও থামছে না ইসরায়েলি হামলা। মধ্য ও দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায় নতুন করে চালানো হামলায় এক শিশুসহ অন্তত ৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।স্থানীয় চিকিৎসা সূত্রগুলো জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে দেইর আল-বালাহর আজ-জাওয়াইদা এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবু লক্ষ্য করে ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে ২৭ বছর বয়সী আবদুল রহিম ওয়ালিদ মাতার নামে এক যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান।একই সময়ে খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক নারী নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। আর বুরেজ শরণার্থী শিবিরে ইসরায়েলি গুলিতে এক শিশুর মৃত্যু হয়েছে।আল জাজিরার প্রতিনিধি আশরাফ আমরা জানিয়েছেন, মাওয়াসি এলাকার দিকে সরাসরি নজর রাখা যায় এমন এলাকাগুলোতে ইসরায়েলি বাহিনী তাঁবু লক্ষ্য করে টানা গুলি চালাচ্ছে। তার নিজের তাঁবুর পাশে থাকা এক ব্যক্তি এতে গুরুতর আহত হয়ে নাসের হাসপাতালে ভর্তি হয়েছেন।এছাড়া আল-কারামা এলাকার একটি অ্যাপার্টমেন্টে ড্রোন হামলায় এক নারী আহত হয়েছেন। গাজা সিটির পূর্বাঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ করেছে ইসরায়েলি আর্টিলারি। উপকূলের দিকে যুদ্ধজাহাজ থেকেও গুলি ছোড়া হয়েছে।খান ইউনিসের পূর্বে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয়রা। সেখানে ইসরায়েলি বাহিনী বাড়িঘর ও সামরিক স্থাপনা উড়িয়ে দিচ্ছে বলে জানা গেছে।সাংবাদিক আশরাফ আমরা আরও জানান, ইসরায়েলি বাহিনী আল-মাওয়াসি ও দেইর আল-বালাহর পূর্ব প্রান্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা বাড়িঘর ও কৃষি জমি গুঁড়িয়ে দিয়ে তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর পেছনে আরও জমি দখল করে নিচ্ছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। এর মধ্যে একজন আগের আঘাতে মারা গেছেন।মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৬০২ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৭৯৪ জন আহত হয়েছেন।সব মিলিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৬১৮ জনে। আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯২০ জন।গাজার সরকারি মিডিয়া অফিস সোমবার জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ৫ হাজার ৯৮৯ বার তা লঙ্ঘন করেছে। এর মধ্যে শুধু অক্টোবরেই ৭৫৩টি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। যার মধ্যে রয়েছে ৩৪৬টি গোলাবর্ষণ, ৩১০টি ড্রোন হামলা এবং ৬৪টি বাড়িঘর ধ্বংসের ঘটনা।
সূত্র:আল জাজিরা-
