বিয়ানীবাজার উপজেলা প্রতিনিধি:

দেশের অন্যান্য গ্রামীণ এলাকার ন্যায় বিয়ানীবাজারেও স্বাস্থ্যসেবায় এক যুগান্তকারী পরিবর্তন আসতে যাচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সটিকে সীমিত শয্যার বৃত্ত থেকে বের করে পূর্ণাঙ্গ ও আধুনিক হাসপাতালে রূপান্তর করতে একটি মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর আওতায় হাসপাতালের অবকাঠামো পুনর্নির্মাণ ও শয্যা সংখ্যা বাড়ানো হবে। ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে এই মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সসমূহের অবকাঠামো নির্মাণ, পুনর্নির্মাণ, উন্নীতকরণ, নবরূপায়ণ এবং মেরামত ও সংস্কার কাজ।’

জানা গেছে, প্রকল্পের আওতায় বিয়ানীবাজার উপজেলায় ১০১ শয্যার নতুন ভবন নির্মাণ করা হবে। এতে আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস, চক্ষু চিকিৎসা, ক্যানসার স্ক্রিনিং এবং নারী-পুরুষের জন্য আলাদা ফিজিওথেরাপির সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি থাকবে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার ও আধুনিক অপারেশন থিয়েটার। এর ফলে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ ও শিশুমৃত্যুর হার কমানোর পাশাপাশি হৃদরোগ, স্ট্রোক বা দুর্ঘটনায় গুরুতর আহত রোগীদের জরুরি চিকিৎসা উপজেলা পর্যায়েই প্রদান করা সম্ভব হবে।

জানা যায়, হাসপাতাল ভবনের নকশা এমনভাবে প্রণয়ন করা হবে যেন কোনো ফ্লোর স্পেস অব্যবহৃত না থাকে। প্রতিটি ভবনকে শক্তিসাশ্রয়ী ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা হবে, যেখানে থাকবে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশের সুব্যবস্থা।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্ধিত ভবনটি ২০০১ সালের পরে নির্মিত হলেও অপর ভবনটি বেশ পুরোনো এবং সংস্কারের দাবি রাখে। কয়েক মাস আগে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী পূর্ণাঙ্গ হাসপাতালের সম্ভাব্যতা যাচাইয়ে স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করেন।

সিলেটের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় স্বাস্থ্য অধিদপ্তর প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদন পেলে চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ মেগা প্রকল্প বাস্তবায়িত হলে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা প্রাপ্তিতে এক অভূতপূর্ব ও যুগান্তকারী রূপান্তর ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *