মধ্যরাতে ফেসবুক লাইভে এসে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা পরীমনি। রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে অনুষ্ঠানের স্টল ভাঙচুর এবং অন্য শিল্পীদের হেনস্তার অভিযোগও করেছেন এই অভিনেত্রী।
রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে ফেসবুক লাইভে এসে পরীমনি জানান, অনুষ্ঠান শেষে হঠাৎ একজন ব্যক্তি আক্রমণাত্মক আচরণ করেন। এ সময় তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পরিস্থিতির কারণে তিনি গাড়িতে উঠতে পারছিলেন না এবং অনুষ্ঠানের ব্যাকস্টেজে অবস্থান করছিলেন।
পরীমনি বলেন, পরিস্থিতি সামাল দিতে তিনি গুলশান থানায় ফোন করতে বাধ্য হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাঁকে বের হতে অতিরিক্ত পুলিশ ডাকতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
লাইভে পরীমনি অভিযোগ করেন, সাংবাদিকতার নাম ব্যবহার করে কিছু ব্যক্তি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাঁদের ‘ইয়েলো জার্নালিজম’ চর্চার সমালোচনা করে তিনি বলেন, কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ থাকলে সরাসরি বসে আলোচনা করা উচিত।
তিনি বলেন, তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং অনুষ্ঠানের স্টলগুলোতেও ভাঙচুর চালানো হয়েছে। এতে অন্য শিল্পীরাও হেনস্তার শিকার হয়েছেন। এসব ক্ষয়ক্ষতির দায় কে নেবে, সে প্রশ্নও তোলেন তিনি।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে পরীমনি বলেন, ‘কোথায় এই দেশের নিরাপত্তা। আমি তাহলে ঘোমটা পরেই থাকি, এই করবো।’
পরে আরও কয়েকটি ফেসবুক লাইভ করেন পরীমনি। একটি লাইভে তাঁকে সাদা রঙের গাড়িতে উঠতে দেখা যায়। এ সময় তিনি সন্তানকে দ্রুত গাড়িতে নিয়ে আসতে বলেন। একপর্যায়ে গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে। লাইভের ভিডিওতে ঘটনাস্থলে পুলিশ সদস্যদেরও দেখা যায়।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর গণমাধ্যমকে বলেন, একটি সমস্যা হয়েছিল। পরীমনি চলে গেছেন, পরে আর কোনো ঝামেলা হয়নি।
তাঁর গাড়ি কিংবা অনুষ্ঠানের স্টল ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ভাঙচুরের কোনো ঘটনা তাঁর জানা নেই। পরীমনি সুস্থভাবে ফিরে গেছেন।
এর আগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় গত বৃহস্পতিবার ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। সেদিন গাড়ি থেকে নেমে আদালতের এজলাসের দিকে যাওয়ার সময় তাঁর ছবি ও ভিডিও ধারণ করতে গেলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়। এ সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। পরে পরীমনি অভিযোগ করেন, ওই সাংবাদিক তাঁকে স্পর্শ করেছেন।
তবে পরীমনির অভিযোগ অস্বীকার করেন সাংবাদিক রবিউল হোসাইন। তাঁর দাবি, পরীমনি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, পুরো ঘটনা ভিডিওতে ধারণ করা হয়েছে।
এদিকে, ৫ নভেম্বরের ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সাত দিনের মধ্যে ক্ষমা চাওয়ার অনুরোধ জানিয়ে পরীমনিসহ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে নোটিশ পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার জানান, রেজিস্ট্রি ডাকযোগে রোববার সকালে পরীমনিসহ তিনজনের ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে।
