একটা সময় ছিল, যখন বাজারে গিয়ে কাঁচা মরিচের দাম শুনে মানুষের মাথা ঘুরে যেত। কেজি প্রতি ১০০০ টাকা, ১১০০ টাকা, এমনকি ১২০০ টাকা পর্যন্ত উঠেছিল। একটা মধ্যবিত্ত পরিবারের জন্য কাঁচা মরিচ কেনা তখন বিলাসিতা হয়ে গিয়েছিল। মানুষ ১০ টাকার মরিচ চাইলে দোকানি হাসত। ৫০ গ্রাম মরিচ কিনতে গিয়েও মানুষকে হিসাব করতে হতো। এই দৃশ্য আমরা ভুলে যাইনি। শেখ হাসিনার সময়ে এই কাঁচা মরিচের দামই হয়ে উঠেছিল সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্রতীক। প্রশ্ন হলো, কেন মরিচের দাম ১২০০ টাকা হয়েছিল? মরিচ কি সোনা? নাকি মরিচ দিয়ে বিমান বানানো হয়? আসল কারণ ছিল সিন্ডিকেট, চাঁদাবাজি, আমদানি নির্ভরতা আর সরকারের চরম উদাসীনতা।

তখন সরকারের মন্ত্রীরা টেলিভিশনে এসে বলতেন, মরিচ কম খান, মরিচ ছাড়া রান্না করেন, কাঁচা মরিচের বদলে শুকনা মরিচ খান। মানুষের পেটে ভাত নেই, আর মন্ত্রীরা উপদেশ দিচ্ছিলেন। এটা ছিল মানুষের সঙ্গে তামাশা। বাজারে মরিচ নেই কেন, সেই প্রশ্নের উত্তর কেউ দিত না। কৃষক মরিচের ন্যায্য দাম পেত না। মাঠ থেকে মরিচ আসার পথে প্রতিটি ধাপে চাঁদা দিতে হতো। আড়তদার, পাইকার, পরিবহন মাফিয়া, সবাই মিলে দাম বাড়িয়ে দিত। আর সরকার সেই সিন্ডিকেটকে ভাঙার বদলে তাদেরকেই রক্ষা করত। কারণ, সিন্ডিকেটের টাকা দিয়েই রাজনীতি চলত। এই সত্য সবাই জানত, কিন্তু কেউ বলতে পারত না। বললেই মামলা, বললেই গুম।

যখন দেশে মরিচের সংকট চরমে, তখন সরকার দ্রুত ভারত থেকে মরিচ আমদানি করত। ভারত থেকে মরিচ এনে সাময়িকভাবে দাম কমানো হতো। কিন্তু এই আমদানি ছিল আরেকটি লুটপাটের সুযোগ। কারা আমদানি করবে, কত দামে করবে, কত টাকা কমিশন নেবে, সব ঠিক হতো পর্দার আড়ালে। দেশের কৃষককে সহায়তা না করে ভারতের কৃষককে লাভবান করা হতো। দেশের কৃষক মরিচ চাষ করে লোকসান দিত, আর আমদানিকারকরা কোটি কোটি টাকা কামাত। এটাই ছিল হাসিনার সময়ের অর্থনীতির আসল চেহারা। উৎপাদন নয়, আমদানি। কৃষক নয়, সিন্ডিকেট। জনগণ নয়, লুটেরা।

আর এখন? এখন বাজারে কাঁচা মরিচ ৩০ থেকে ৪০ টাকা কেজি। এই দাম দেখে মানুষ অবাক হচ্ছে। কারণ, এতদিন আমাদের বোঝানো হয়েছিল, মরিচের দাম বাড়বেই, কিছু করার নেই। এখন প্রমাণ হলো, দাম বাড়া স্বাভাবিক ছিল না, দাম বাড়ানো হয়েছিল। সিন্ডিকেট ভেঙে গেলে, চাঁদাবাজি বন্ধ হলে, কৃষক সরাসরি বাজারে মরিচ আনতে পারলে দাম ৩০ টাকায় নেমে আসে। এটা কোনো অলৌকিক ঘটনা নয়, এটা স্বাভাবিক বাজার ব্যবস্থা। এতদিন যে ব্যবস্থা ছিল, সেটা ছিল অস্বাভাবিক, সেটা ছিল লুটের ব্যবস্থা।

তাই আজকের ৩০ টাকার মরিচ শুধু মরিচের দাম নয়, এটি একটি জবাব। এটি প্রমাণ করে, আগের সরকার চাইলে দাম কমাতে পারত, কিন্তু চায়নি। কারণ, দাম বাড়লেই তাদের লোকদের লাভ হতো। এখন মানুষ প্রশ্ন করছে, যদি মরিচ ৩০ টাকা হতে পারে, তাহলে চাল, তেল কেনো এত দামি? উত্তর একটাই, সিন্ডিকেট এখনো পুরোপুরি ভাঙেনি। মরিচের মতো সব পণ্যের সিন্ডিকেট ভাঙতে হবে। কৃষককে বাঁচাতে হবে, চাঁদাবাজকে ধরতে হবে। না হলে আবার কোনো একদিন মরিচ ১২০০ টাকা হয়ে যাবে। আর মানুষকে আবার মন্ত্রীদের উপদেশ শুনতে হবে, মরিচ কম খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *