জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাবেন।
জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী নির্বাচনে বিএনপি জয়লাভ করার পর দলীয় চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী মনোনীত হন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটাই প্রথম জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সফর।
এদিকে জাতিসংঘে যোগদানের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। অপরদিকে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর ঘিরে কমিটি বিহীন যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা-কর্মী সহ অন্যান্য সংগঠন তারেক রহমানকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। চলছে দলীয় সভা-সমাবেশ।
উল্লেখ্য, জাতিসংঘের এবারের সাধারণ অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সভাপতিত্ব করবেন। সাধারণ অধিবেশনের এই সেশন শুরু হয়েছে ৮ সেপ্টেম্ব থেকে। মেয়াদ থাকছে ২০২৭ সালে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। অধিবেশনের হাই-লেভেল সপ্তাহ হচ্ছে ২২-২৯ সেপ্টেম্বর। খবর ইউএনএ’র।
এদিকে জাতিসংঘ মিশন, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট ও ঢাকার কূটনৈতিক সূত্রে জানা গেছে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক আসছেন। তিনি জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার, নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন ২৫ সেপ্টেম্বর শুক্রবার।
নিউইয়র্কের কনসাল জেনারেল মিডিয়া প্রতিনিধির সাথে আলাপকালে জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান কোন সরকারী অর্থে তার সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহী নন। তিনি চান না সংবর্ধনার নামে সরকারী অর্থের অপচয়। তবে যেহেতু প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান হিসেবে তিনি প্রথমবারের মতো নিউইয়র্কে আসছেন, সেহেতু যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে তাকে নাগরিক সংবর্ধনা প্রদানের উদ্যোগ চলছে জানা গেছে।
অপরদিকে প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন তারেক রহমানের জাতিসংঘ তথা নিউইয়র্ক সফরের কর্মসূচী বিষয় নিয়ে বিস্তারিত জানতে কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ ঢাকায় অবস্থান করছেন।
এছাড়াও কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বহি:বিশ্বের সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন লন্ডন থেকে যুক্তরাষ্ট্র এসে প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন তারেক রহমানের জাতিসংঘ তথা নিউইয়র্ক সফরের কর্মসূচী সফল করতে দলীয় নেতা-কর্মী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে বৈঠক করে চলেছেন। ইতিমধ্যেই তিনি জর্জিয়া, পেনসেলভেনিয়া, কানেকটিকাট, নিউজার্সী ও আলবেনী শাখা বিএনপি’র নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।



