ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অসচ্ছল ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ২৭ লাখ টাকার ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। ‘বাংলাদেশ ল’ এসোসিয়েশন ইউ.কে ট্রাস্ট ফান্ড’ নামে এই তহবিল গঠনের লক্ষ্যে বুধবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চেক হস্তান্তর করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সংলগ্ন সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ল’ এসোসিয়েশন ইউ.কে-এর সভাপতি মুহাম্মাদ মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে ২৭ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে বাংলাদেশ ল’ এসোসিয়েশন ইউ.কে যে উদ্যোগ গ্রহণ করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে শারীরিক বা মানসিক প্রতিবন্ধী এবং অসচ্ছল শিক্ষার্থীদের কল্যাণে এই ট্রাস্ট ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, প্রাক্তন শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে তাদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে। এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান উপাচার্য।

এই ট্রাস্ট ফান্ডের আওতায় প্রতি বছর আইন বিভাগের প্রথম বর্ষ এলএল.বি. (সম্মান) থেকে এলএল.এম. (মাস্টার্স) শ্রেণি পর্যন্ত নিয়মিত অধ্যয়নরত ১৫ জন শারীরিক বা মানসিক প্রতিবন্ধী কিংবা অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই এই বৃত্তি কার্যক্রম শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *