প্রথমবার রাষ্ট্রপতি ফখরুল সিলেটে, বরণে সাত পয়েন্টে বিএনপি

প্রথমবার রাষ্ট্রপতি ফখরুল সিলেটে, বরণে সাত পয়েন্টে বিএনপি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো আজ মঙ্গলবার সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজনে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি।

রাষ্ট্রপতির আগমনকে ঘিরে সিলেট নগরীতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সৌন্দর্যবর্ধনের পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। অন্যদিকে, নগরীর সাতটি পয়েন্টে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। বেলা সোয়া ১১টার দিকে তাঁর বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে মোটর শোভাযাত্রাসহ বেলা ১১টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এবং বেলা ১টা ২৫ মিনিটে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি।

পরে বিকেল সাড়ে ৩টায় নগর ভবনের সামনে সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। প্রায় ১ হাজার ২০০ আমন্ত্রিত অতিথির জন্য সংবর্ধনাস্থলে বসার ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে মন্ত্রী, হুইপ, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজ ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেবেন।

সিসিকের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সিলেটের ঐতিহ্যবাহী শীতল পাটি, চা গাছের রেপ্লিকা ও চা পাতা এবং ফার্স্ট লেডির জন্য মণিপুরী শাড়ি উপহার দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির বক্তব্যের পর থাকবে আধাঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠান।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নগরের গুরুত্বপূর্ণ সড়ক, ডিভাইডার, কিন ব্রিজ ও সার্কিট হাউসসহ বিভিন্ন এলাকায় সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। মাজার দুটিতেও পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে।

সাত পয়েন্টে স্বাগত

রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নগরীর সাতটি পয়েন্টে অবস্থান করবেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। চৌকিদেখি, আম্বরখানা, দরগাহ গেইট, চৌহাট্টা, জিন্দাবাজার, টিলাগড় ও শাহপরাণ পয়েন্টে তাঁকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

নিরাপত্তার চাদরে নগরী

রাষ্ট্রপতির নিরাপত্তায় সিলেট মহানগর পুলিশের প্রায় এক হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। এর বাইরে অতিরিক্ত ২০০ সদস্য দায়িত্বে থাকবেন। র‌্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্য মোতায়েন এবং সিসি ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

নাগরিক সংবর্ধনা শেষে রাষ্ট্রপতি সিলেট সার্কিট হাউসে অবস্থান করবেন। রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে তাঁর।

উল্লেখ্য, গত ২১ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম সিলেট সফর।

 

 

আমারসিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১১:৫২
  • ৪:১৫
  • ৬:০৩
  • ৭:১৭
  • ৫:৩৭