সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর রক্ষাসহ যাদুকাটা ও শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় নবাগত ইউএনও উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি সেবা কার্যক্রম, জনদুর্ভোগ, সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে উপস্থিতদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি উপজেলার উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে প্রশাসনের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
রিপামনি দেবী বলেন, “বিশ্বের অন্যতম পরিচিত টাঙ্গুয়ার হাওরসহ যাদুকাটা ও শান্তিপুর নদীর পরিবেশ রক্ষা করতে হবে। এসব নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোরভাবে দমনমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, সীমান্তবর্তী এ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, হাওরের ফসল রক্ষা বাঁধ, পর্যটন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের সরকারি সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করবে।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ, মাদক, হাওরের ফসল রক্ষা বাঁধ, নদী ও পরিবেশ রক্ষা, পর্যটনসহ স্থানীয় নানা বিষয় তুলে ধরেন বক্তারা। তারা জনস্বার্থে উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, সিনিয়র আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, বীর মুক্তিযোদ্ধা হারুন উর রশিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, সাংবাদিক এম.এ রাজ্জাক, রাজু আহমদ রমজান, রূখন উদ্দিন, মিজানুর রহমান, মনিরাজ শাহ, আহমেদ কবির, তোজাম্মিল হক নাসরুম, তৌহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমুখ।



