পুলিশ কর্মকর্তারা সিলেটসহ যেসব স্থানে চাকরি হারালেন

পুলিশ কর্মকর্তারা সিলেটসহ যেসব স্থানে চাকরি হারালেন

বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে কর্মরত ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪২ নম্বর ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম মো. আখতারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুল, উপ-মহাপরিদর্শক সৈয়দ নুরুল ইসলাম, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফি এবং অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির রমনা জোনের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিলেটের (বর্তমানে সাময়িক বরখাস্ত) অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম মো. আখতারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২৬ জানুয়ারি থেকে তিনি বরখাস্ত রয়েছেন।

এছাড়া ডিএমপির রমনা জোনের সাবেক সহকারী পুলিশ কমিশনার ও ৮ এপিবিএন, উখিয়ার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রায়ে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকেও ২৬ জানুয়ারি থেকে বরখাস্ত করা হয়।

ঢাকা রেঞ্জের সাবেক উপ-মহাপরিদর্শক ও রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক (সাময়িক বরখাস্ত) সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার ও পুলিশ একাডেমি সারদায় সংযুক্ত (সাময়িক বরখাস্ত) মো. আসাদুজ্জামান, সুপারনিউমারারি পুলিশ সুপার ও ঢাকা জেলার (সাময়িক বরখাস্ত) অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফি এবং সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও কক্সবাজার ১৬ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (সাময়িক বরখাস্ত) শহিদুল ইসলাম—এদের প্রত্যেককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর পৃথক মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ৫ ফেব্রুয়ারি থেকে তাদের বরখাস্ত করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোরশেদ চৌধুরী। সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১১:৪৮
  • ৪:০৬
  • ৫:৫১
  • ৭:০৪
  • ৫:৪১