৮ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ

ঝড়েই ভেঙে পড়ল নির্মাণাধীন যাদুকাটা সেতুর গার্ডার

ঝড়েই ভেঙে পড়ল নির্মাণাধীন যাদুকাটা সেতুর গার্ডার নির্মাণাধীন শাহ আরেফিন-অদৈত্ব মৈত্রী সেতু। ছবি : শওকত হাসান

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন শাহ আরেফিন-অদৈত্ব মৈত্রী সেতুর পাঁচটি গার্ডার ভেঙে নদীতে পড়ে গেছে।

রবিবার (১৭ মে) দিবাগত রাতে বয়ে যাওয়া ঝড়ের সময় এ ঘটনা ঘটে। এতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সেতু নির্মাণ প্রকল্পটি নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।
উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। সোমবার সকালে সরেজমিনে গিয়ে সেতুর ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেন তিনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাতের ঝড়ের পর সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান সেতুর পাঁচটি গার্ডার ভেঙে যাদুকাটা নদীর পানিতে তলিয়ে গেছে। এর আগেও প্রাকৃতিক দুর্যোগে সেতুটির গার্ডার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছিল।

বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের বাসিন্দা ও নদীতীরের টং দোকানি আলাউদ্দিন বলেন, সেতুটি চালু হবে কবে, সেই অপেক্ষার যেন শেষ নেই। সকালে উঠে দেখি পাঁচটি গার্ডার নদীতে পড়ে গেছে। আমার ছোট্ট টং দোকানও ঝড়ে ভাঙেনি, অথচ এত বড় মজবুত সেতুর গার্ডার কিভাবে ভেঙে গেল, তা বুঝতে পারছি না।

বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, এ অঞ্চলের মানুষের বহুদিনের স্বপ্ন এই সেতু। নির্মাণকাজ শেষ হলে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে বড় পরিবর্তন আসত। এখন আবার গার্ডার ভেঙে যাওয়ায় মানুষ হতাশ হয়ে পড়েছে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে সেতুর কাজ সম্পন্ন করুক, সেটাই এলাকাবাসীর দাবি।

তাহিরপুর উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি পাঁচটি গার্ডার নদীতে পড়ে গেছে। স্থানীয়দের কাছ থেকে জেনেছি, রাতে ঝড়ের সময় এ ঘটনা ঘটে। অসমাপ্ত নির্মাণকাজ শেষ করতে ইতোমধ্যে রি-টেন্ডার আহ্বান করা হয়েছে। তবে নতুন করে গার্ডার ভেঙে পড়ায় জটিলতা তৈরি হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বরে প্রায় ৮৬ কোটি টাকা ব্যয়ে যাদুকাটা নদীর ওপর ৭৫০ মিটার দীর্ঘ শাহ আরেফিন-অদৈত্ব মৈত্রী সেতুর নির্মাণকাজ শুরু হয়। তমা কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায়। তবে দফায় দফায় সময় বাড়িয়েও প্রতিষ্ঠানটি নির্মাণকাজ সম্পন্ন না করেই কাজ ছেড়ে চলে যায়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬
  • ১১:৫২
  • ৪:২৭
  • ৬:৩৩
  • ৭:৫৫
  • ৫:০৮