নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি হলো ফ্যামিলি কার্ড। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মধ্যে ট্যাব বিতরণের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়নের পথে আরও এক ধাপ অগ্রগতি হলো। 

আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা সমাজসেবা অফিস আয়োজিত উপজেলা পরিষদের সভাকক্ষে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণকারীদের প্রশিক্ষণ পরিদর্শণ ও ট্যাব বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।

এমপি আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ অত্যন্ত সতর্কতা, সততা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করতে হবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা যাবে না। প্রকৃত তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য উপকারভোগীদের চিহ্নিত করতে হবে, যাতে কর্মসূচির সুফল যথাযথভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়। ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এ জন্য দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি। 

তিনি বলেন, এ কর্মসূচি বাস্তবায়নে অনিয়ম বা অপরাধের সঙ্গে কেউ জড়িত থাকলে, তিনি যে দলেরই হোন না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। তাই দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদ-বিন-কাশেমের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপজেলার ৬টি ইউনিয়নের ৩৭ সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব ও পরিচয়পত্র বিতরণ করেন প্রধান অতিথি তাহসিনা রুশদীর এমপি। ১৫ সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব ও পরিচয়পত্র বিতরণ করেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *