মৌলভীবাজার প্রতিনিধি :
বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে পরিবর্তন আনা হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এক অফিস আদেশের মাধ্যমে মৌলভীবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি ফয়সল আহমেদ চৌধুরীকে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সিনিয়র সহকারী সচিব (বিকল্প কর্মকর্তা) মোঃ তানভীর হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
অফিস আদেশে জানানো হয় বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির পূর্ববর্তী সভাপতি ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম পিআরএল-এ গমন করায় তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সমবায় সমিতি আইন, ২০০১ (সংशोधিত ২০০২ ও ২০১৩)-এর ধারা-৪ এর প্রদত্ত ক্ষমতাবলে এ পরিবর্তন আনা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়,নতুন সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী সিলেট বিভাগ ব্যতীত দেশের অবশিষ্ট ৭টি বিভাগের ৭ জন সদস্যের সমন্বয়ে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালকের সাথে পরামর্শক্রমে অনতিবিলম্বে অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করবেন।
মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর-১৫০০৩/২০২৩-এর আদেশ মোতাবেক আগামী ১৬ মে ২০২৭ খ্রিস্টাব্দের মধ্যে নির্বাচন সম্পন্ন করার প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণ করা হবে। যথার্থ কর্তৃপক্ষের অনুমতিক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে বলে জানানো হয়।
