সিসিক প্রশাসকের পরিদর্শন

ঈদ জামাতের জন্য প্রস্তুত সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ

ঈদ জামাতের জন্য প্রস্তুত সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ। বুধবার (২৭ মে) বিকেলে ঈদগাহের সার্বিক প্রস্তুতি কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

পরিদর্শনকালে তিনি ঈদগাহের আইন-শৃঙ্খলা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি এবং মুসল্লিদের সুবিধার্থে নেওয়া বিভিন্ন পদক্ষেপ ঘুরে দেখেন। এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, শাহী ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক সিলেটবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “শতাব্দীর পর শতাব্দী ধরে শাহী ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এই ঈদগাহের ইতিহাস ও ঐতিহ্য সারা বিশ্বে সমাদৃত। প্রতি বছরের মতো এবারও যাতে সিলেটবাসী সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারেন, সেজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”

তিনি জানান, ঈদ জামাতকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ঈদগাহ মাঠকে নামাজের উপযোগী করতে সিটি কর্পোরেশনের কর্মীরা নিরলসভাবে কাজ করেছেন।

সিসিক প্রশাসক বলেন, “ঈদগাহ মাঠের সংস্কার, রংকরণ ও অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। আমরা আশা করি, সিলেটবাসী বরাবরের মতো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাতে অংশ নেবেন।”

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, “ঈদুল আজহার কোরবানির পর মাত্র আট ঘণ্টার মধ্যে পুরো নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য অতিরিক্ত জনবল নিয়োগ ও পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা রাখা হয়েছে। কোরবানিদাতাদের মধ্যে পলিব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে এবং পরিচ্ছন্নতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করবেন।”

এ সময় তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করে নির্ধারিত পলিব্যাগে কোরবানির বর্জ্য সংরক্ষণ এবং যত্রতত্র বর্জ্য না ফেলার আহ্বান জানান।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সহকারী মোতাওয়াল্লী বদরুজ্জামান সেলিম, সেক্রেটারি মো. কামাল মিয়া কামরান, র‌্যাব কর্মকর্তা সামসুজ্জোহা, পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, আগামী বৃহস্পতিবার সকাল ৮টায় শাহী ঈদগাহে সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বন্দরবাজার জামে মসজিদের ইমাম মাওলানা জুনেদ আহমদ আনসারী।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১১:৫৩
  • ৪:২৮
  • ৬:৩৬
  • ৮:০০
  • ৫:০৬