নিউইয়র্কে বেপরোয়া স্ট্রিট টেকওভার, পুলিশের গাড়িতে হামলা

নিউইয়র্কে বেপরোয়া স্ট্রিট টেকওভার, পুলিশের গাড়িতে হামলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্সে অবৈধ ‘স্ট্রিট টেকওভার’ ঘিরে বেপরোয়া গাড়িচালনা ও পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শনিবার ভোররাত প্রায় দুইটার দিকে মাসপেথ এলাকার ৬৯ স্ট্রিট ও এলিয়ট অ্যাভিনিউয়ের সংযোগস্থলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুটি গ্যাস স্টেশনের মাঝের ওই মোড়ে ডজন ডজন গাড়ি জড়ো হয়ে রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে একটি বড় রিং তৈরি করে। এরপর চালকেরা সেই আগুনের চারপাশে ঘুরে ‘ডোনাট’ করতে থাকে। ঘটনাস্থলে শতাধিক মানুষ ভিড় করে উল্লাস করতে দেখা যায়।

কাউন্সিল মেম্বার ফিল ওং সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, আগুনের রিং ঘিরে গাড়িগুলো বেপরোয়াভাবে ঘুরছে এবং আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন তা উপভোগ করছে।

নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানায়, ঘটনাস্থলে পৌঁছে তারা একটি নীল রঙের গাড়িকে বৃত্তাকারে দ্রুতগতিতে চলতে দেখে। পাশাপাশি তিনজন আরোহীসহ একটি রুপালি বিএমডব্লিউ এক্স৩ এবং আরও তিনজনসহ একটি সাদা বিএমডব্লিউ সেখানে উপস্থিত ছিল।

পুলিশ ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় দুই ব্যক্তি একটি চিহ্নিত পুলিশ গাড়ির বনেটে উঠে লাফাতে থাকে। এতে গাড়িটির উইন্ডশিল্ড ভেঙে যায় এবং মারাত্মক ক্ষতি হয়। পরে সন্দেহভাজনরা একটি কালো নিসান গাড়িতে করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনওয়াইপিডি আটজন সন্দেহভাজন ব্যক্তি ও সংশ্লিষ্ট যানবাহনের ছবি প্রকাশ করে জনসাধারণের সহায়তা চেয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তথ্য দিতে ক্রাইম স্টপার্স হটলাইনে (১-৮০০-৫৭৭-টিপস) যোগাযোগের আহ্বান জানিয়েছে পুলিশ।

ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। রনি নামে এক বাসিন্দা বলেন, “এখানে যা হচ্ছে তার বিরুদ্ধে আমি। পুলিশকে সম্মান করতে হবে। আইনশৃঙ্খলার প্রতি কারও শ্রদ্ধা নেই।” জো নামে আরেক বাসিন্দা জানান, তিনি শিগগিরই এলাকা ছেড়ে যাওয়ার কথা ভাবছেন।

সাম্প্রতিক বছরগুলোতে নিউইয়র্কে স্ট্রিট টেকওভারের ঘটনা বেড়েছে। রাতের অন্ধকারে বিভিন্ন সংযোগস্থল ও বাণিজ্যিক এলাকায় এ ধরনের কর্মকাণ্ড বেশি দেখা যাচ্ছে। পুলিশের গাড়িতে হামলার এ ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কুইন্সের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস ও উডসাইড এলাকার কাছাকাছি হওয়ায় স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যেও এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১১:৫৫
  • ৪:২৪
  • ৬:১৯
  • ৭:৩৬
  • ৫:২৮