মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল মামলায় গ্রেপ্তার ১

মৌলভীবাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’-এর বিক্ষোভ মিছিলের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি মো. রাব্বিন আহমেদ রাব্বিকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গত শুক্রবার (৫ জুন) সদর থানাধীন ২ নম্বর ওয়ার্ডের বড়বাড়ি সোনাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাব্বি মৌলভীবাজারের কমলগঞ্জ থানার কালেঙ্গা গ্রামের মো. কবির মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আইন অমান্য করে মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডস্থ আল-ফালাহ হাসপাতালের সামনে ব্যানারসহ একটি আকস্মিক বিক্ষোভ মিছিল বের করে এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান প্রদান করে। এই ঘটনার পর মৌলভীবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শিপু কুমার দাস বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত রাব্বি ওই মামলার এজাহারনামীয় অন্যতম আসামি।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “১ জুনের নিষিদ্ধ সংগঠনের ওই মিছিল ও নাশকতার চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় এ পর্যন্ত রাব্বিসহ মোট ৪ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

তিনি আরও জানান, মামলার অন্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৫
  • ৪:৩০
  • ৬:৪১
  • ৮:০৭
  • ৫:০৪