চট্টগ্রামে বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৫ বছর বয়সী এক শিশু চিকিৎসাধীন রয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) এবং তাদের মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত শিশু তাদের ছেলে পিয়াস বড়ুয়া (৫)।

নিহতের স্বামী সুজন বড়ুয়া চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ এলাকায় একটি আবাসিক প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাতে চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজার সামনে এনি বড়ুয়া ও তার ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে ঘরের ভেতরে গিয়ে প্রিয়ন্তী বড়ুয়ার মরদেহ দেখতে পান। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে এনি বড়ুয়া মারা যান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

প্রতিবেশীরা জানান, চিৎকার শুনে তারা বাইরে এসে মা ও ছেলেকে রক্তাক্ত অবস্থায় পান এবং পরে ঘরের ভেতরে মেয়ের মরদেহ দেখতে পান।

নিহতের স্বামী সুজন বড়ুয়া দাবি করেন, ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। পরে তিনি এসে স্ত্রী ও মেয়ের মরদেহ দেখতে পান। তিনি আরও দাবি করেন, প্রতিবেশী লিমন বড়ুয়া তেজপ্রিয়র সঙ্গে তার আর্থিক লেনদেন ছিল এবং ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা থাকতে পারে। এছাড়া মৃত্যুর আগে তার স্ত্রী লিমন বড়ুয়ার নাম উল্লেখ করেছেন বলেও তিনি জানান।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

 

 

বাংলাদেশ/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৬
  • ৪:৩২
  • ৬:৪৪
  • ৮:১০
  • ৫:০৪