
কাই হাভার্টজের চমৎকার জোড়া গোল এবং আক্রমণভাগের সম্মিলিত তাণ্ডবে ২০২৬ বিশ্বকাপে শুভসূচনা করলো জার্মানি। হিউস্টনে গ্রুপ ‘ই’-এর ম্যাচে বিশ্বমঞ্চের নবাগত দল কুরাসাওকে ৭-১ ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জার্মানদের গোলবন্যার ম্যাচে বড় ব্যবধানে হারলেও, বিশ্বমঞ্চে নিজেদের প্রথম গোল পাওয়ার এক ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করেছে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কুরাসাও।
ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটে ফেলিক্স এনমেচার গোলে লিড নেয় জার্মানি। তবে ২১তম মিনিটে লিভানো কোমেনেনসিয়ার দুর্দান্ত গোলে সমতায় ফিরে ইতিহাস গড়ে কুরাসাও। এটিই বিশ্বকাপে তাদের প্রথম গোল।
ধাক্কা সামলে ৩৮তম মিনিটে নিকো শ্লটারবেক এবং প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে কাই হাভার্টজ গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় জার্মানি। দ্বিতীয় অর্ধে কুরাসাওকে আর দাঁড়াতেই দেয়নি ইউলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা। জামাল মুসিয়ালা, নাথানিয়েল ব্রাউন এবং দেনিজ উন্দাভের গোল স্কোরলাইন ৬-১ করেন। অবশেষে ৮৮তম মিনিটে হাভার্টজ নিজের জোড়া গোল পূর্ণ করলে ৭-১ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত হয় জার্মানির।