
মিশিগানের ওয়ারেন সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ক্রিকেট অনুরাগীদের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে। সিটির একটি পার্কে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে ওয়ারেন সিটি প্রশাসন ও সিটি কাউন্সিল।
এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানাতে এবং ওয়ারেন সিটি কাউন্সিল ও সিটি অ্যাডমিনিস্ট্রেশনকে সম্মান জানাতে গত ৮ জুন রাতে এক বিশেষ ‘অ্যাপ্রিসিয়েশন ও ডিনার’ ইভেন্টের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব মিশিগান (বিসিএএমআই)। ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন।
এছাড়াও সিটি কাউন্সিলের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে কাউন্সিল প্রেসিডেন্ট ও মেয়র প্রো টেম ডেভ ডোয়ার, কাউন্সিল ভাইস প্রেসিডেন্ট মেলোডি ম্যাগি, জোনাথান ল্যাফার্টি, মিন্ডি মুর এবং হেনরি নিউন্যান অনুষ্ঠানে অংশ নেন। বিসিএএমআই কমিটির সদস্য ইনাস আল রাজির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডেন্ট তায়েফুর রহমান এবং ভাইস প্রেসিডেন্ট সাইয়েদ আহমেদ। তারা মিশিগানে ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই খেলার গুরুত্ব এবং বিসিএএমআইয়ের মূল উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য কামাল রহমান। এ সময় উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোশাররফ চৌধুরী লিটু, ইফতেখার আহমেদ, সায়েল হুদা এবং নাজেল হুদা। এই প্রকল্প বাস্তবায়নে বিশেষ ও গুরুত্বপূর্ণ অবদানের জন্য নাজেল হুদাকে সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে স্বীকৃতি ও ধন্যবাদ জানানো হয়।
ওয়ারেন সিটি সূত্র জানিয়েছে, সিটি প্রশাসন আনুষ্ঠানিকভাবে ‘শ পার্ক’ পুনর্উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। কয়েক মিলিয়ন ডলারের এই বিশাল পার্ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবেই নির্মিত হচ্ছে ওয়ারেন সিটির প্রথম পেশাদার মানের ক্রিকেট মাঠ। বর্তমানে মাঠের নির্মাণকাজ পুরোদমে চলছে। এই প্রকল্পে একটি পূর্ণাঙ্গ আকারের পিচ, প্র্যাকটিসের জন্য আধুনিক নেটিং ব্যবস্থা এবং দর্শকদের খেলা দেখার জন্য বসার গ্যালারি অন্তর্ভুক্ত রয়েছে।
মাঠটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণাঙ্গ মানদণ্ড ও গাইডলাইন অনুযায়ী তৈরি করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এখানে স্থানীয় টুর্নামেন্টের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ ও টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়। এই স্থায়ী ক্রিকেট মাঠের অনুমোদন ও নির্মাণকাজ শুরু হওয়ায় মিশিগানের বাংলাদেশি কমিউনিটিসহ পুরো ক্রীড়ামোদীদের মাঝে আনন্দের জোয়ার বইছে