
হবিগঞ্জের বাহুবলে সরকারি অনুমতি ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। নিজ জমি থেকে বালু উত্তোলনের মাধ্যমে আশপাশের কৃষিজমি ও পরিবেশের ক্ষতিসাধনের অভিযোগে বিধু দেব (৪৫) নামে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি মেশিন ধ্বংস করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়ের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত বিধু দেব উপজেলার শম্ভুপুর গ্রামের বারীন্দ্র দেবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিধু দেব কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়া নিজ জমি থেকে বালু উত্তোলন করে আসছিলেন। অবৈধ এ কার্যক্রমের কারণে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পায়।
অভিযান চলাকালে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি মেশিন জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় বিধু দেবকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় বলেন, ‘সরকারি অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বালু উত্তোলন করতে পারবে না। আইন অমান্য করে যারা পরিবেশ ও কৃষিজমির ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।’
তিনি আরও বলেন, ‘পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রশাসন বদ্ধপরিকর। এ বিষয়ে কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযানে বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম ও উপজেলা আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।