
সুনামগঞ্জের পর্যটন সমৃদ্ধ উপজেলা তাহিরপুরে ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও জনপ্রিয় ও সহজলভ্য করতে ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রম জোরদার করেছে সোনালী ব্যাংক পিএলসি, তাহিরপুর শাখা। নগদ টাকার ব্যবহার কমিয়ে নিরাপদ ও দ্রুত আর্থিক লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংকটি বিশেষ প্রচারণা ও প্রযুক্তিগত সেবা সম্প্রসারণ কর্মসূচি হাতে নিয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার তাহিরপুর সদর বাজারের ১৯টি ব্যবসা প্রতিষ্ঠানে এবং টাঙ্গুয়ার হাওরে চলাচলকারী একটি পর্যটকবাহী হাউসবোটে সোনালী ব্যাংকের অফিশিয়াল ‘বাংলা কিউআর’ (Bangla QR) কোড আনুষ্ঠানিকভাবে বিতরণ ও স্থাপন করা হয়।
অনুষ্ঠানে ব্যবসায়ী ও হাউসবোট মালিকদের হাতে বাংলা কিউআর কোড তুলে দেন সোনালী ব্যাংক পিএলসি, তাহিরপুর শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার অর্পণ যেত্রা। এ সময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস লেনদেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা সহজেই মোবাইল ব্যাংকিং ও ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে নিরাপদে অর্থ পরিশোধ করতে পারবেন। পর্যটননির্ভর তাহিরপুরে এই উদ্যোগ ব্যবসা-বাণিজ্যকে আরও গতিশীল করবে।
প্রিন্সিপাল অফিসার রাজীব দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, বাজার বণিক সমিতির সাবেক সভাপতি রতন গাঙ্গুলী, সাংবাদিক শওকত হাসান, ব্যাংক কর্মকর্তা স্বদেশ চন্দ্র পাল, সারোয়ার আলম, মোসাদ্দিক আকন্দ, হেদায়াত হোসেন অলি, অমৃত চন্দ্র বর্মন, আনোয়ার ও ইকবালসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সোনালী ব্যাংক সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, পর্যটনকেন্দ্র ও সেবাদানকারী প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোড স্থাপনের কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে তাহিরপুরে আধুনিক ও স্মার্ট আর্থিক সেবার প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



