মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে সংঘটিত আলোচিত হত্যাচেষ্টা মামলার বাদী জসিম উদ্দিন খান ও তার দুই ভাইয়ের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত দুইজনকে সিলেটে রেফার করা হয়েছে।

বুধবার ৫ আগস্ট বিকেলে সদর উপজেলার ৯নং আমতৈল ইউনিয়নের পংধরাই লম্বা বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। জানা যায় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে জসিম উদ্দিন খানের মাথা ও পায়ে গুরুতর আঘাত করে। এছাড়া তার ভাই আব্দুল আউয়াল খানের হাতেও কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় জসিম উদ্দিন খান ও আব্দুল আউয়াল খানকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অপর আহত হেলাল খান মৌলভীবাজার জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

জানা যায় ৯ জুন মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে সুজন খানের ওপর সংঘটিত আলোচিত হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত জমসেদ খানকে ৪ আগস্ট ভোরে মৌলভীবাজার মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে।

অভিযোগ অনুযায়ী, জমসেদ খান তার ভাতিজা শাকের ও তারেককে সঙ্গে নিয়ে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপস্থিতিতে সুজন খানের ওপর প্রাণনাশের উদ্দেশ্যে হামলা চালান। প্রকাশ্যে সংঘটিত ওই ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং আদালতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে।

ভুক্তভোগী পরিবারের দাবি, জমসেদ খান গ্রেপ্তার হওয়ার পর ক্ষিপ্ত হয়ে শাকের, তারেক ও জুনেলসহ তাদের সহযোগীরা এ হামলা চালায়।

ঘটনার খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *