পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার মনোনয়ন চূড়ান্ত করেছেন বলে দলটির সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন।

আজ ৯ আগস্ট (রবিবার) ওই নেতা বলেন, ‘দলীয় চেয়ারম্যান মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত করে ফেলেছেন।’ মন্ত্রিসভার সদস্য ওই নেতা জানান, দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুলই রাষ্ট্রপতি পদে বিএনপির পছন্দ।

মনোনয়ন নিয়ে বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে আলাপে তাদের প্রায় সবাই জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল তারেক রহমানের এবং এ বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন নেতা নিশ্চিত করেছেন, মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত হয়েছে।

 

বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলীয় রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের দায়িত্ব তারেক রহমানের ওপর অর্পণ করে। জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। সংসদে সমর্থনের ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো পরিবর্তন না হলে মির্জা ফখরুলই দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে পারেন।

নির্বাচন কমিশন আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের দিন নির্ধারণ করেছে। প্রয়োজন হলে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে জাতীয় সংসদে ভোট অনুষ্ঠিত হবে।

তবে মির্জা ফখরুল ছাড়া অন্য কোনো বৈধ প্রার্থী না থাকলে সংসদে ভোটের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হবে।

গত ২৪ জুলাই মোহাম্মদ সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর পদটি শূন্য হয়। এরপর থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩