পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাতে আঘাত হানা এই ভূমিকম্পে দুই দেশের একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশ দুটি ভূমিকম্পে কেঁপে উঠলেও প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, ভূমিকম্পে দেশটির রাজধানী কাবুল, নানগারহারসহ আশপাশের কয়েকটি প্রদেশে কম্পন অনুভূত হয়। তবে দেশটিতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২। সংস্থাটি প্রথমে এর মাত্রা ৫ দশমিক ৮ বলে ধারণা করলেও পরে তা সংশোধন করে ৫ দশমিক ২ নির্ধারণ করে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১০ কিলোমিটার গভীরে।

অন্যদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকা এবং উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও ভূকম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় আফগানিস্তান ও পাকিস্তানে মাঝেমধ্যেই এ ধরনের কম্পন অনুভূত হয়। তবে এবারের ভূমিকম্পে দুই দেশে কী পরিমাণ প্রভাব পড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *