ভাড়া স্থগিতের দাবিতে বিক্ষোভ

নিউইয়র্ক সিটিতে ভাড়া স্থগিতের দাবিতে শত শত মানুষ সমাবেশ করেছেন, যেখানে দুই মিলিয়নেরও বেশি ভাড়া-নিয়ন্ত্রিত বাসিন্দার জন্য ভাড়া না বাড়ানোর আহ্বান জানানো হয়। এই কর্মসূচি অনুষ্ঠিত হয় আসন্ন ভাড়া নির্ধারণ বোর্ডের প্রাথমিক ভোটের মাত্র দুই সপ্তাহ আগে। ‘টেন্যান্ট ব্লক’ নামের একটি আবাসন জোটের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শ্রমজীবী ও অভিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।

আন্দোলনকারীরা জানান, সাম্প্রতিক বছরগুলোতে ভাড়া বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ফেডারেল সামাজিক সুবিধা কমানোর ফলে সাধারণ মানুষের ওপর চাপ বেড়েছে। পাশাপাশি অভিবাসন সংক্রান্ত কঠোর তৎপরতাও তাদের উদ্বেগ বাড়িয়েছে। এসব প্রেক্ষাপটে ভাড়া স্থগিত করাকে তারা বাসিন্দাদের টিকে থাকার জন্য জরুরি পদক্ষেপ হিসেবে দেখছেন।

আয়োজকদের মতে, গত চার বছরে বাড়িওয়ালাদের মুনাফা প্রায় ৩০ শতাংশ বেড়েছে, অথচ একই সময়ে ভাড়াটিয়াদের ওপর ভাড়া বৃদ্ধি ও উচ্ছেদের চাপ বেড়েছে। পূর্ববর্তী প্রশাসনের সময়ে ধারাবাহিকভাবে ভাড়া বাড়ানো হয়েছে বলেও তারা অভিযোগ করেন। তাদের দাবি, ভাড়া থেকে অর্জিত অর্থ যথাযথভাবে ভবনের সংস্কারে ব্যয় না করে অনেক ক্ষেত্রে অন্য খাতে ব্যবহার করা হচ্ছে।

অন্যদিকে, আবাসন খাতের বিভিন্ন সংগঠন ভাড়া স্থগিতের বিরোধিতা করে বলেছে, এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সম্পত্তি বিক্রি বা দেউলিয়া হওয়ার ঝুঁকি তৈরি হবে। এ অবস্থায় রাজ্য সরকারের কাছে কর-ছাড়সহ বিভিন্ন সুবিধাও দাবি করেছে তারা।

নগর প্রশাসন ইতোমধ্যে আবাসন সংকট মোকাবিলাকে অগ্রাধিকার দিয়ে কিছু পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে, যার মধ্যে রয়েছে ভাড়া-নিয়ন্ত্রিত ভবন বিক্রি ঠেকানোর উদ্যোগ এবং বাসিন্দাদের জন্য মেরামতের অর্থ বরাদ্দ। তবুও ভাড়াটিয়াদের অভিযোগ, অনেক ভবনে এখনো তাপ, গরম পানি ও রক্ষণাবেক্ষণের সমস্যা রয়ে গেছে।

আসন্ন সিদ্ধান্তে ভাড়া বাড়বে নাকি স্থগিত থাকবে, তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট বোর্ডের চূড়ান্ত ভোট। আন্দোলনকারীরা বলছেন, এই সিদ্ধান্তই নির্ধারণ করবে ভবিষ্যতে কারা শহরে থাকতে পারবে এবং শহরের সামাজিক কাঠামো কোন দিকে যাবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৬
  • ৪:৩২
  • ৬:৪৪
  • ৮:১০
  • ৫:০৪