ছবি : আমার সিলেট
সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের ব্রাম্মনজুলিয়া গ্রামের একটি হাওর থেকে শত্রুতাবশত আধাপাকা ধান ও ফলদ-ফসিলি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা ব্যবসায়ী এখলাছুর রহমান ফয়েজের জমি বর্গা নিয়ে বোরো ধান চাষ করেন কৃষক অমর ফারুক। তবে জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের লন্ডনপ্রবাসী রজব আলীর সঙ্গে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে সোমবার সকালে রজব আলীর নির্দেশে মুক্তার আলী, সেবুল মিয়া, রিয়াছ আলী, রফিক মিয়া ও কাঁচা মিয়াসহ কয়েকজন লোকজন নিয়ে বোরো ক্ষেত থেকে আধাপাকা ধান জোরপূর্বক কেটে নিয়ে যান বলে অভিযোগ।
ক্ষতিগ্রস্ত বর্গাচাষী অমর ফারুক বলেন, ধারদেনা করে চাষাবাদ করলেও ফসল ঘরে তুলতে পারেননি। এতে তিনি পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন। তিনি প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেছেন।
এখলাছুর রহমান ফয়েজ অভিযোগ করে বলেন, রজব আলীর নির্দেশে তাঁর জমি থেকে ধান কেটে নেওয়া হয়েছে এবং পাশাপাশি প্রায় ৩০–৩৫টি আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন ফলদ গাছ কেটে ফেলা হয়েছে।
অভিযুক্ত রজব আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য ছোয়াব আলী বলেন, এ ধরনের বিরোধ নিয়ে আগে একাধিকবার সালিশ হলেও অভিযুক্তরা তা মানেন না।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।