ইউক্রেন যুদ্ধ

রাশিয়ায় ড্রোন হামলায় প্রাণ গেল মৌলভীবাজারের যুবকের

রাশিয়ায় ড্রোন হামলায় প্রাণ গেল মৌলভীবাজারের যুবকের

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে রাশিয়ায় যাওয়া মৌলভীবাজারের এক যুবক দালালের প্রলোভনে যুদ্ধে জড়িয়ে ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত হয়েছেন। গত শুক্রবার রাশিয়ায় তাঁর মৃত্যু হলেও সোমবার বিষয়টি জানাজানি হয়।

নিহত মুহিবুর রহমান (২৭) মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের বাসিন্দা মসুদ মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, মুহিবুর রাশিয়ায় গিয়ে বিভিন্ন বাংকারে সেনাদের জন্য খাবার রান্নার কাজ করতেন। তাঁর মৃত্যুর খবর রাশিয়া থেকে সহকর্মী মেহেদী হাসান পরিবারের কাছে জানান। পরে দেশে বিষয়টি নিশ্চিত করেন তাঁর ছোট ভাই হাবিবুর রহমান।

হাবিবুর রহমান বলেন, কয়েক বছর আগে উচ্চশিক্ষার উদ্দেশ্যে রাশিয়ায় যান মুহিবুর। সেখানে আড়াই বছর পড়াশোনা করার পর দেশে ফিরে এক মাস অবস্থান করে আবার রাশিয়ায় চলে যান। এরপর কিছুদিন পর পরিবারকে জানান, তিনি রাশিয়ার সেনাবাহিনীর জন্য রান্নার কাজ করছেন। সর্বশেষ গত বছর দেশে এসে বিয়ে করে আবার রাশিয়ায় ফিরে যান।

হাবিবুর রহমানের ভাষ্য, প্রায় দুই বছর আগে দালালেরা মোটা অঙ্কের বেতন ও যুদ্ধ শেষে নাগরিকত্বের প্রলোভন দেখায়। পরিবারের অজান্তে সেই প্রলোভনে পড়ে মুহিবুর যুদ্ধে যুক্ত হন বলে ধারণা তাঁদের।

তিনি বলেন, গত সপ্তাহে একটি বাংকারে অবস্থানকালে ইউক্রেনীয় ড্রোন হামলায় সেটি বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই তাঁর ভাই নিহত হন। রাশিয়ান সেনাদের জন্য খাবার সরবরাহকারী সহকর্মী মেহেদী হাসান প্রথমে পরিবারের কাছে তাঁর মৃত্যুর খবর পৌঁছে দেন।

মুহিবুর ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর ছোট ভাই বলেন, “আমাদের একটাই দাবি, ভাইয়ের লাশ যেন দেশে এনে আমাদের কাছে হস্তান্তর করা হয়।”

এ বিষয়ে আমতৈল ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইকবাল আহমদ বলেন, পরিবার থেকে জানতে পেরেছেন, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় মুহিবুরের মৃত্যু হয়েছে। তিনি রাশিয়ার হয়ে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন বলেও জানা গেছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১১:৫৫
  • ৪:২৪
  • ৬:১৯
  • ৭:৩৬
  • ৫:২৮