
আমার সিলেট নিউজ
জ্বালানি তেলের দাম বাড়লেও তা সামগ্রিক মূল্যস্ফীতিতে বড় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যে জ্বালানি আমদানি করলেও সরকার পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দেবে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে ঐতিহাসিক ‘বাসিয়া খাল’ খনন প্রকল্পের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী জানান, দেশে ডিজেলের দাম প্রায় ১৫ শতাংশ বাড়ানো হলেও তা প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম। এই বৃদ্ধির প্রভাব পণ্যমূল্যে কেজিপ্রতি আনুমানিক ৩০ পয়সার মতো পড়তে পারে, যা সামগ্রিক মূল্যস্ফীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না।
সাম্প্রতিক লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নানা অব্যবস্থাপনা মোকাবিলা করতে হচ্ছে। দেশে বিদ্যুৎ উৎপাদন এখনো অনেকাংশে গ্যাসনির্ভর। বর্তমানে ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হলেও চাহিদা পূরণে আরও ৯ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করতে হয়। কিছু কারিগরি জটিলতার কারণে গ্যাস আমদানিতে বিঘ্ন ঘটায় লোডশেডিং বেড়েছে বলে জানান তিনি। তবে দ্রুত এ সমস্যা সমাধানে কাজ চলছে এবং এলএনজি আমদানির সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাসিয়া খাল খনন প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রকল্পের উদ্বোধন করবেন। প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ খালের ২৩ কিলোমিটার খনন করা হবে। মাসুকগঞ্জ বাজার থেকে শুরু হয়ে ওসমানীনগর হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর পর্যন্ত এ কাজ চলবে। এতে প্রায় ৯০ হাজার কৃষক উপকৃত হবেন এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় ২০ হাজার হেক্টর জমিতে অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে।
সৌদি আরব থেকে উচ্চমূল্যে জ্বালানি আমদানির বিষয়ে মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মজুত বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। ভবিষ্যতে বৈশ্বিক সংকটে যেন দেশ জিম্মি না হয়, সে লক্ষ্যে নতুন সংরক্ষণাগার নির্মাণ করা হবে।
পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।