সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফরের বদলিজনিত বিদায় এবং নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাসের যোগদান উপলক্ষে সংবর্ধনা দিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।
রোববার সকালে সিউক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী ও নবাগত দুই প্রকৌশলীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সিউকের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।
অনুষ্ঠানে বক্তব্যে সিউক চেয়ারম্যান বলেন, সরকারি চাকরির স্বাভাবিক নিয়মেই বদলি হতে হয়। নির্বাহী প্রকৌশলী হিসেবে মো. আবু জাফর অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছেন। জেলার ভৌত অবকাঠামো উন্নয়ন, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণে গণপূর্ত বিভাগ গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে। এসব কাজ তিনি পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করেছেন।
তিনি নবাগত নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাসকে সিলেট গণপূর্ত বিভাগে স্বাগত জানান এবং দায়িত্ব পালনে সিউকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. সাদিউর রহিম জাদিদসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
