জকিগঞ্জ প্রতিনিধি
“করবো সমবায়, গড়বো দেশ – সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিলেটের জকিগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে রোববার বেলা ১১ টায় জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা শেষে দিবসটি উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ। প্রধান অতিথির বক্তব্য দেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মুফতি আবুল হাসান এমপি।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, সমবায় শুধু সঞ্চয় এর মধ্যে সীমাবদ্ধ নয়, সমবায় হলো আত্মনির্ভরশীল জাতি গড়ার অন্যতম হাতিয়ার। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ ও টেকসই উন্নয়ন সম্ভব।
শিক্ষক ও সমবায়ী খালেদ আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফখর উদিন।
বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাইদ শুভ্র, জকিগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি এনামুল হক মুন্না, সমবায়ী জাফরুল ইসলাম, ডা. তাজ উদ্দিন, জাকির হোসাইন, সুরঞ্জন বিশ্বাস, প্রবাসী মাওলানা আব্দুর রব।
অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরে জকিগঞ্জ উপজেলার ২ টি সমবায় সমিতিকে সম্মাননা প্রদান করা হয়েছে।
