সিলেটে বইমেলার অনুমতি বাতিল, ‘মবের আশঙ্কা’ নিয়ে বিতর্ক

সিলেটে ‘মব’ সৃষ্টির আশঙ্কার মধ্যে সপ্তাহব্যাপী বইমেলার অনুমতি দেওয়ার একদিন পর তা বাতিল করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। শুক্রবার (২৪ এপ্রিল) থেকে ২ মে পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বইমেলার আয়োজনের কথা ছিল।

এসএমপি এক পত্রে জানিয়েছে, সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় মেলার অনুমতি বাতিল করা হয়েছে।

প্রকাশক পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক সুফি সুফিয়ান বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, মেলার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। শেষ মুহূর্তে অনুমতি বাতিল হওয়ায় আয়োজকেরা আর্থিক ও সাংগঠনিকভাবে ক্ষতির মুখে পড়েছেন।

আয়োজকদের দাবি, পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলার অবনতির কথা বললেও অংশগ্রহণকারী প্রকাশনীগুলোর মতে, একটি মহল থেকে মেলায় ‘মব’ সৃষ্টির তৎপরতা ছিল।

এর আগে, বৃহস্পতিবার রাতে ‘স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতৃবৃন্দ’ ব্যানারে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, বইমেলায় ‘নিষিদ্ধ সংগঠনের’ সংশ্লিষ্টতা রয়েছে এবং কিছু ‘বিতর্কিত’ প্রকাশনীকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিকেলে এসএমপি কমিশনার বরাবর লিখিত অভিযোগ জমা দেওয়া হয় বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, প্রশাসনের পদক্ষেপ পর্যবেক্ষণ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, গত বছরও অনুরূপভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে সিলেটে প্রকাশক পরিষদের উদ্যোগে আয়োজিত বইমেলা বাতিল করা হয়েছিল। পরপর দুইবার একই কারণে বইমেলা বন্ধ হওয়ায় প্রকাশক ও লেখক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৬
  • ৪:৩২
  • ৬:৪৪
  • ৮:১০
  • ৫:০৪