ছাতকে হুশিয়ার আলীর স্বপ্নভঙ্গ, এক রাতে হত্যা ১৫০০ মোরগ

সুনামগঞ্জের ছাতকে একটি পোল্ট্রি খামারের প্রায় ১ হাজার ৫০০ মোরগ বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন খামার মালিক।

ঘটনাটি বৃহস্পতিবার সকালে ছাতক পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগবাড়ি এলাকায় খামারি মোহাম্মদ হুশিয়ার আলীর বাড়িতে ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খামার মালিক হুশিয়ার আলী জানান, তাঁর বসতঘরের দ্বিতীয় তলায় প্রায় ২ হাজার বাউন কক জাতের মোরগ ছিল। বুধবার রাত দুইটার দিকে খামার পরিদর্শন শেষে তিনি ঘুমাতে যান। পরদিন সকাল ছয়টার দিকে খামারে গিয়ে দেখেন প্রায় ১ হাজার ৫০০ মোরগ মৃত অবস্থায় পড়ে আছে।

তিনি দাবি করেন, এতে তাঁর প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। তাঁর অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু নয়; পরিকল্পিতভাবে বিষপ্রয়োগ করে মোরগগুলো মারা হয়েছে।

লিখিত অভিযোগে হুশিয়ার আলী উল্লেখ করেন, জায়গাজমি ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তাঁর শ্বশুর মো. আবুল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি সন্দেহ করছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মিলন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মোরগগুলোর শরীরে বাহ্যিক কোনো রোগের লক্ষণ পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হবে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ও থানার ওসির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৩
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৭
  • ৭:৪৮
  • ৫:১৪