
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকায় জমি রেজিস্ট্রি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে সংসদ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার রাতে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে সিলেট–সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে সুনামগঞ্জ–১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল হাতে ও পায়ে আঘাত পান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাতকের ক্ষিদ্রাকাপন গ্রামের বাসিন্দা ও সাবেক চেয়ারম্যান আখলুছ মিয়ার কাছ থেকে এক বছর আগে জমি কেনেন জাউয়া কোনাপাড়া গ্রামের মোহাম্মদ আলী বংকু। তবে এখনো জমির রেজিস্ট্রি সম্পন্ন হয়নি। এ নিয়ে বৃহস্পতিবার মোবাইল ফোনে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। পরে জাউয়া বাজারে আখলুছ মিয়ার লোকজন মোহাম্মদ আলী বংকুর ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার জেরে বৃহস্পতিবার রাতেই দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এর ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় আবারও জাউয়া বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
সংঘর্ষের কারণে সিলেট–সুনামগঞ্জ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প সড়ক না থাকায় আটকা পড়েন বিভিন্ন যানবাহনের যাত্রীরা।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সিলেট থেকে সুনামগঞ্জে যাওয়ার পথে ঘটনাস্থলে নেমে স্থানীয় লোকজন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।