কোরবানির ঈদ

গোলাপগঞ্জে প্রস্তুত হচ্ছে পশুর হাটগুলো

গোলাপগঞ্জে প্রস্তুত হচ্ছে পশুর হাটগুলো

কোরবানির ঈদ উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলার পশুর হাটগুলো প্রস্তুত করার কাজ দ্রুতগতিতে চালিয়ে যাচ্ছেন বাজারের ইজারাদার ও কর্তৃপক্ষ। উপজেলার উল্লেখযোগ্য পশুর হাটগুলোর মধ্যে রয়েছে পুরকায়স্থ বাজার, ঢাকাদক্ষিণ বাজার (মাদ্রাসা মাঠ), বাদেপাশা ইউনিয়নের রাকুয়ার বাজার, মীরগঞ্জ বাজার ও গোলাপগঞ্জ বাজার।

গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ মাদ্রাসা মাঠে মাদ্রাসা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এই বাজার পরিচালনা করে আসছেন। বাজারটি প্রস্তুতের জন্য কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন। একইভাবে লক্ষণাবন্দ ইউনিয়নের পুরকায়স্থ বাজারের শত বছরের পুরনো গরুর হাট এবার ঈদুল আজহা উপলক্ষে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে।

বাজার মহালদারদের উদ্যোগে গরু বেচাকেনার জন্য উন্নত পরিবেশ তৈরি করা হচ্ছে, যেখানে ব্যবসায়ীদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা এবং গরু রাখার জন্য নিরাপদ ও সুপরিকল্পিত স্থান রাখা হয়েছে। মহালদার সদস্য আব্দুল খালিক পাকি জানান, এ বছর টানা ৪ দিন গরুর হাট চলবে—যা ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই বাড়তি সুবিধা এনে দেবে।

বিশেষ আকর্ষণ হিসেবে, আগের মতোই রিসিটে কোনো বাড়তি চাপ না রেখে প্রতি গরুর জন্য নির্ধারিত ফিক্সড ১০০০ টাকা নেওয়া হবে—গরুর দাম যতই হোক না কেন। দালালমুক্ত এই বিস্তৃত পুরকায়স্থ বাজার ইতোমধ্যেই ক্রেতা-বিক্রেতাদের আস্থার জায়গা হয়ে উঠেছে। ঢাকাদক্ষিণ থেকে মোগলা বাজার পাহাড় লাইনের ওপর অবস্থিত হওয়ায় যাতায়াত ব্যবস্থাও খুবই সহজ ও সুবিধাজনক বলে জানিয়েছেন পুরকায়স্থ বাজারের ইজারাদার।

অপরদিকে রাকুয়ার বাজার, মীরগঞ্জ বাজার ও গোলাপগঞ্জ বাজারও ঈদের জন্য অনেকটা প্রস্তুত করা হয়েছে। উল্লেখ্য, জেলা শহরের সবচেয়ে নিকটতম ও সীমান্তবর্তী এই উপজেলায় খামারিরা তাদের গৃহপালিত পশু লালন-পালন করে বিক্রির উপযোগী করে তোলেন। সেগুলোর বেশিরভাগই কোরবানির ঈদ উপলক্ষে বিক্রি হয়ে থাকে। বিগত দিনগুলোর চেয়ে এবারের ঈদ উপলক্ষে উপজেলার গরুর হাটগুলোতে বেশি প্রাণচাঞ্চল্য দেখা যাবে—এমনটাই আশা করছেন বাজার সংশ্লিষ্টরা।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৩
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৭
  • ৭:৪৮
  • ৫:১৪