৮ জন কাউন্সিলর নির্বাচিত

ব্রিটেনের রাজনীতিতে মৌলভীবাজারের জয়জয়কার

ব্রিটেনের রাজনীতিতে মৌলভীবাজারের জয়জয়কার

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে মৌলভীবাজার জেলার ৮ জন প্রবাসী বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। নিজেদের মেধা, কঠোর পরিশ্রম এবং স্থানীয় কমিউনিটির সেবায় আত্মনিয়োগ করে তারা ব্রিটিশ রাজনীতিতে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছেন। এই বিজয়ের সংবাদ মৌলভীবাজারে পৌঁছালে জেলাজুড়ে আনন্দের বন্যা বয়ে যায়।

সাবিনা আক্তার: কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের উছমানপুর গ্রামের মেয়ে সাবিনা আক্তার এসপায়ার পার্টি থেকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্টেপনি গ্রিন ওয়ার্ডে টানা চতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি পূর্বে এই কাউন্সিলের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রহিমা রহমান: পূর্ব লন্ডনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউহ্যাম কাউন্সিলে লেবার পার্টি থেকে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র রহিমা রহমান। তার পৈতৃক নিবাস মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোড এলাকায়।

জুসনা ইসলাম: রেডব্রিজ কাউন্সিল থেকে লেবার পার্টির হয়ে টানা তৃতীয়বারের মতো জয়ের মালা ছিনিয়ে এনেছেন জুসনা ইসলাম। মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উত্তর মোলাইম গ্রামের এই সন্তান ওই কাউন্সিলের সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন।

এ কে এম গোলাম জিলানী চৌধুরী (জিবু): লন্ডন বরো অফ ইসলিংটনের বার্নসবারি ওয়ার্ড থেকে ষষ্ঠবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন তিনি। সদর উপজেলার শাহবন্দর পতন এলাকার (জমাদারবাড়ি) এই কৃতী সন্তান ওই বারার সাবেক মেয়রও ছিলেন।

সাঈদা চৌধুরী: রেডব্রিজ কাউন্সিল থেকে লেবার পার্টির হয়ে নির্বাচিত হয়েছেন সাঈদা চৌধুরী। তিনি মৌলভীবাজার সদরের মেয়ে এবং বড়লেখার পুত্রবধূ। একজন সফল সাংস্কৃতিক কর্মী হিসেবেও তার পরিচিতি রয়েছে।

আবু তালহা চৌধুরী: টাওয়ার হ্যামলেটের বেথনাল গ্রিন ওয়েস্ট থেকে এসপায়ার পার্টির টিকিটে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন আবু তালহা চৌধুরী। তিনি প্রবীণ সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরীর সন্তান (গ্রাম: সিংকাপন, সদর উপজেলা)।

হাসানুজ্জামান খান: নর্থ ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড কাউন্সিল থেকে চতুর্থবারের মতো লেবার পার্টির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন হাসানুজ্জামান খান। তার পৈতৃক নিবাস সদর উপজেলার কামালপুর ইউনিয়নের আজমনী গ্রামে।

শাহানিয়া চৌধুরী: ইংল্যান্ডের ‘ওয়েল্ডস্টোন নর্থ ওয়ার্ড’ থেকে পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন শাহানিয়া চৌধুরী। তার পৈতৃক বাড়ি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চৌধুরী বাড়িতে।

​যুক্তরাজ্যের বিশিষ্ট বাঙালি কমিউনিটি লিডার ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ মকিস মনসুর জানান, মৌলভীবাজারের প্রবাসীরা এখন আর শুধু ভোটার নন, তারা সে দেশের নীতিনির্ধারণী পর্যায়ে নিজেদের দক্ষতার প্রমাণ দিচ্ছেন। ব্যবসায়ী মোহাম্মদ সাদিকুর রহমান এবং শিক্ষার্থী আসাদুজ্জামান দাইয়ান একে জেলার জন্য বড় গর্বের বিষয় বলে উল্লেখ করেছেন।

​বিশ্লেষকদের মতে, বিদেশের মাটিতে এই জনপ্রতিনিধিরা শুধু মৌলভীবাজারের নয়, বরং পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তাদের এই বিজয় আগামী প্রজন্মে প্রবাসীদের মূলধারার রাজনীতিতে আরও সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিজয়ীদের নিয়ে এখনো প্রশংসার জোয়ার বইছে।

এএস/এনবিএ

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৯
  • ১১:৫২
  • ৪:২৬
  • ৬:৩০
  • ৭:৫২
  • ৫:১১