সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফ গোলাগুলি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক উসকানিমূলক গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি ছুড়ে জবাব দিয়েছে। বিজিবির তড়িৎ প্রতিক্রিয়ায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। গোলাগুলিতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার (১৯ মে) বিজিবি সদর দপ্তর থেকে এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক তথ্য জানানো হয়েছে। বিজিবি সাফ জানিয়ে দিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সদা প্রস্তুত এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ঘটনার বিবরণে বিজিবি সূত্র জানায়, সোমবার (১৮ মে) বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিকেল বেলা হঠাৎ করেই বিএসএফ জোয়ানরা বাংলাদেশের সীমান্তের দিকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। আকস্মিক এই হামলার মুখে বিজিবি সদস্যরা বিন্দুমাত্র সময় নষ্ট না করে তাৎক্ষণিকভাবে কড়া পাল্টা ফায়ার (পাল্টা গুলি) শুরু করে।

উভয় পক্ষের এই অনড় অবস্থানের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। বিজিবি জানিয়েছে, বর্তমানে ওই সীমান্ত এলাকা সম্পূর্ণ শান্ত এবং স্থিতিশীল রয়েছে।

বাহিনীর এক কর্মকর্তা জানান,“দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

সোনারহাট সীমান্তে এই গুলির ঘটনার পর আশপাশের সীমান্ত এলাকা ও বিওপিগুলোতে (বর্ডার আউটপোস্ট) বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬
  • ১১:৫২
  • ৪:২৭
  • ৬:৩৩
  • ৭:৫৫
  • ৫:০৮