নিউইয়র্কে বাংলা বইমেলার উদ্বোধন ২২ মে

‘যত বই তত প্রাণ’ স্লোগানকে সামনে রেখে আগামী ২২ মে শুক্রবার থেকে নিউইয়র্কে শুরু হচ্ছে প্রবাসী বাঙালির অন্যতম বৃহৎ সাহিত্য-সাংস্কৃতিক আয়োজন ‘৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা’। ২৫ মে সোমবার পর্যন্ত নিউইয়র্কের কুইন্সে জ্যামাইকা পারফর্মিং আর্টস  সেন্টারে অনুষ্ঠিতব্য চারদিনব্যাপী এই আয়োজনকে ঘিরে প্রবাসী বাঙালিদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে চার দিনব্যাপী এই বইমেলা দেশ-বিদেশের বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিকর্মীরা অংশ নেবেন।

মুক্তধারা ফাউন্ডেশনের সিইও বিশ্বজিৎ সাহা ঠিকানাকে জানান, উত্তর আমেরিকায় বাংলা ভাষা ও সংস্কৃতির অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন ‘৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬’-এর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ, ভারত ও উত্তর আমেরিকার বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের বই ইতোমধ্যে মেলার ভেন্যুতে পৌঁছে গেছে। স্টল নির্মাণ, বই সাজানো, মঞ্চ প্রস্তুতি, স্মারকগ্রন্থ প্রকাশ, আলোকসজ্জা ও সাংস্কৃতিক আয়োজনের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

এবারের বইমেলার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকছেন বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। প্রধান অতিথি হিসেবে অংশ নিচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রওনক জাহান, ফরিদুর রেজা সাগরসহ আরো অনেকে।

বইমেলায় পাওয়া যাবে আহবাব চৌধুরী খোকনের মূল্যবান বইসমূহ।

বিশ্বজিৎ সাহা আরো জানান, ইতোমধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন আমন্ত্রিত লেখক, কবি ও গবেষকদের অনেকে। তাঁদের মধ্যে রয়েছেন সাদাত হোসেইন, সুবোধ সরকার, লুৎফর রহমান রিটন, শামীম রেজা ও রুমা মোদকসহ আরও অনেকে।
বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে অনন্যা, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, প্রথমা প্রকাশন, বিডি নিউজ টোয়েন্টফোর, আহমেদ পাবলিশার্স, ইত্যাদি গ্রন্থ প্রকাশসহ বাংলাদেশ ও কলকাতার বহু খ্যাতিমান প্রকাশনা সংস্থা।

আয়োজকরা কমিটির আহ্বায়ক ড. নজরুল ইসলাম  জানান, নতুন প্রকাশিত বই, গবেষণাগ্রন্থ, প্রবাসভিত্তিক সাহিত্য এবং শিশু-কিশোর বইয়ের বিশাল সংগ্রহ এবার পাঠকদের জন্য আকর্ষণ হয়ে উঠবে।

বইমেলার সূচি অনুযায়ী প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলবে বই বিক্রি, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, শিশু-কিশোর অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং লেখক-পাঠক আড্ডা। বিশেষ আয়োজন হিসেবে থাকবে বাংলা সাহিত্য, বিশ্বসাহিত্য, প্রবাসী সংস্কৃতি ও নতুন প্রজন্মের পাঠাভ্যাস নিয়ে আলোচনা।

১৯৯২ সালে ক্ষুদ্র পরিসরে শুরু হওয়া এই বইমেলা আজ উত্তর আমেরিকায় বাংলা বইয়ের সবচেয়ে বড় আন্তর্জাতিক মিলনমেলায় পরিণত হয়েছে।

আয়োজকরা বলছেন, ‘যত বই তত প্রাণ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিশ্বায়নের ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করাই এবারের মূল লক্ষ্য।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬
  • ১১:৫২
  • ৪:২৭
  • ৬:৩৩
  • ৭:৫৫
  • ৫:০৮