
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরের জালালাবাদ থানাধীন পুরাতন কালারুকা গ্রামে মর্মান্তিক এক ঘটনায় নিজের শিশু কন্যাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। শুক্রবার (২২ মে) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মাইমুনা জান্নাত তোহা। তার বয়স ছিল ১ বছর ৮ মাস। এ ঘটনায় অভিযুক্ত মা সুবিনা বেগমকে (২৫) আটক করেছে পুলিশ। তিনি পুরাতন কালারুকা গ্রামের আমির আলীর স্ত্রী। আমির আলী মৃত খুরশিদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে আমির আলী ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ির বাইরে যান। এ সময় বসতঘরের ভেতরে থাকা সুবিনা বেগম বটি দা দিয়ে শিশু কন্যা তোহার গলা কেটে দেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, সুবিনা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সুবিনা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়। পরে নিহত শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে পুলিশ। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।