
সিলেটের কোম্পানীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আবুল হোসেন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার জেরে দুটি গ্রামে ফের উত্তপ্ত হয়ে উঠেছে।
শুক্রবার বিকেল ৫টা থেকে এই উত্তেজনা শুরু হয়।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খাগাইল গ্রামের প্রতিপক্ষের হামলায় গৌরীনগর গ্রামের বাসিন্দা আবুল হোসেন (৪০) গুরুতর আহত হন। পরে শুক্রবার বিকোল ৩টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুবর খবর ছড়িয়ে পড়ে। আবুল হোসেন গৌরীনগরের আকরম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খাগাইল বাজারের গরুর হাটে গরু বেঁধে রাখা নিয়ে খাগাইল ও গৌরীনগর গ্রামের দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। তা একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। এরই জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গৌরীনগর গ্রামের বাসিন্দা ট্রাকচালক আবুল মিয়া সিলেটের ধোপাগুল থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ তার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এদিকে, আবুল মিয়ার মৃত্যুর খবর এলাকায় প্রচার হওয়ায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে খাগাইল ও গৌরীনগর গ্রাম। এসময় গৌরীনগরের লোকজন খাগাইল গ্রামের বিভিন্ন ঘরবাড়িতে হামলা চালায়।
কোম্পানীগঞ্জ থানায় ওসি (তদন্ত) সুজন চন্দ্র জানান সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তবে আবুল হোসেনের মৃত্যুর খবরটি এখনো আমরা নিশ্চিত হইনি। আমরা খবর নিয়ে জেনেছি সে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।