
ঈদুল আজহাকে কেন্দ্র করে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রজুড়ে মুসলিম কমিউনিটিতে এখন উৎসবের আমেজ এবং ব্যাপক প্রস্তুতি চলছে। ঈদের আনুষ্ঠানিকতা শুরু হবে ২৬ মে মঙ্গলবার সন্ধ্যা থেকে এবং তা চলবে ২৯ মে পর্যন্ত। ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাহ দিবস পালন করা হবে এবং একই দিন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এর পরদিন ২৭ মে বুধবার ঈদের নামাজ ও কোরবানির আনুষ্ঠানিকতা শুরু হবে, আর আইয়ামে তাশরিক চলবে ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত।
উল্লেখ্য, সৌদি আরবে গত ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর দেশটির কর্তৃপক্ষ ২৭ মে ঈদুল আজহার ঘোষণা দেয়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন অর্থাৎ ২৮ মে, বৃহস্পতিবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বাংলাদেশি ও মুসলিম কমিউনিটি অধ্যুষিত এলাকাগুলোতে এখন কোরবানির প্রস্তুতি চলছে পুরোদমে। গ্রোসারি স্টোর, পোল্ট্রি ও গরুর ফার্মগুলোতে কোরবানির পশুর অর্ডার নেওয়া হচ্ছে। অনেকে আগেভাগেই কোরবানির বুকিং সম্পন্ন করেছেন। এবার গরু ও খাসির মাংসের দাম তুলনামূলক বেশি হলেও সামর্থ্য অনুযায়ী কোরবানি দিচ্ছেন প্রবাসীরা। তবে বিপুল চাহিদার কারণে কোরবানির দিনই সবার কাছে মাংস পৌঁছে দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন গ্রোসারি ব্যবসায়ীরা; এ কারণে ঈদের দিনসহ পরবর্তী দুই দিনও মাংস সরবরাহ করা হবে।
ঈদকে কেন্দ্র করে নিউইয়র্কের জ্যাকসন হাইটস, জ্যামাইকা, কুইন্সসহ বিভিন্ন এলাকায় চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। বিভিন্ন স্থানে আয়োজন করা হচ্ছে চাঁদরাত অনুষ্ঠান ও মেহেদি উৎসব। অন্যদিকে, আন্তর্জাতিক পরিস্থিতি, যুদ্ধজনিত অনিশ্চয়তা, যাতায়াত ব্যয়ের ঊর্ধ্বগতি, সীমিত ছুটি এবং সন্তানদের স্কুল খোলা থাকার কারণে অনেক প্রবাসী দেশে যাওয়ার সফর বাতিল করলেও পরিবার-পরিজনের জন্য দেশে কোরবানির অর্থ ও উপহার পাঠাচ্ছেন। সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের সিইও মাসুদ রানা তপন জানান, ঈদ উপলক্ষে কোরবানি ও উপহার পাঠানোর জন্য উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স দেশে যাচ্ছে।
আবহাওয়া ভালো থাকলে অধিকাংশ জায়গায় খোলা আকাশের নিচে বা উন্মুক্ত রাস্তায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে, তবে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে তা মসজিদের ভেতরে স্থানান্তরিত হবে। নিউইয়র্কের উল্লেখযোগ্য কিছু জামাতের সময়সূচি নিচে দেওয়া হলো:
জ্যামাইকা মুসলিম সেন্টার: টমাস এডিসন হাইস্কুল মাঠে সকাল ৮টা ৩০ মিনিটে। বৃষ্টি হলে মসজিদের ভেতরে তিনটি জামাত (সকাল ৮টা, ৯টা ও ১০টা)।
নিউইয়র্ক ঈদগাহ (জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজা): এখানে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে—সকাল সাড়ে ‘<‘১’>’৬টা, ৭টা, ৮টা, ৯টা এবং ১০টা। প্রয়োজন হলে সকাল ১১টায় আরও একটি জামাত হতে পারে। বৃষ্টি হলে কাবাব কিংয়ের দোতলায় নামাজ হবে।
আল-امین জামে মসজিদ ও ইসলামিক সেন্টার: খোলা মাঠে সকাল ৮টায়। বৃষ্টি হলে মসজিদের ভেতরে তিনটি জামাত (সকাল ৭টা, ৮টা ও ৯টা; তৃতীয় জামাতে মহিলাদের ব্যবস্থা থাকবে)।
কুইন্স ভিলেজ (৯৩ এভিনিউ, ২১৩ ও ২১৪ স্ট্রিটের মাঝে): কুইন্স ভিলেজে প্রথমবারের মতো উন্মুক্ত রাস্তায় সকাল ৮টায় বিশেষ ঈদের জামাতের আয়োজন করেছে ‘কুইন্স ভিলেজ বাংলাদেশি সোসাইটি’ ইনক।
আমেরিকান মুসলিম সেন্টার: সকাল ৬টা, ৭১টা, ৮টা, ৯টা এবং ১০টায় মোট ৫টি জামাত।
বাইতুল জান্নাহ জামে মসজিদ (ব্রুকলিন): খোলা রাস্তায় সকাল ৮টায় প্রধান জামাত। এ ছাড়া মসজিদের ভেতরে প্রথম জামাত হবে সকাল সাড়ে ৬টায়। বৃষ্টি হলে সকাল সাড়ে ৭টা থেকে পরপর পাঁচটি জামাত হবে।
দারুস সালাম মসজিদ: চারটি জামাত—সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টা।
আল আরাফা ইসলামিক সেন্টার: মসজিদের ভেতরে তিনটি জামাত—সকাল ৭টা, ৮টা ও ৯টা।
আল ফুরকান মসজিদ: দুটি জামাত—সকাল ৮টা এবং সকাল ৯টা।
মসজিদ নামিরাহ (জ্যাকসন হাইটস): মসজিদ সংলগ্ন রাস্তায় সকাল ৮টায়। বৃষ্টি হলে ভেতরে সকাল সাড়ে ৭টা ও ৯টায় দুটি জামাত।
দারুল জান্নাহ মসজিদ ও ইসলামিক সেন্টার: চারটি জামাত—সকাল সোয়া ৭টা, পৌনে ৮টা, সোয়া ৮টা ও ৯টা।
বাংলা বাজার জামে মসজিদ (ব্রাঙ্কস): বৃহৎ ঈদ জামাত, তবে বৃষ্টি হলে তিনটি জামাত হবে—সকাল ৮টা, পৌনে ৯টা ও সোয়া ৯টা।
মুনা সেন্টার অব জ্যাকসন হাইটস: সকাল ৮টায় একটি জামাত।
আল কুবা ইসলামিক সেন্টার (জ্যামাইকা): সকাল ৮টায় একটি জামাত।
ইস্ট এলমহার্স্ট জামে মসজিদ: খোলা স্থানে জামাত, তবে বৃষ্টি হলে ভেতরে সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত।
রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টার: বৃষ্টি হলে ভেতরে দুটি জামাত। মুসল্লিদের নিজস্ব জায়নামাজ নিয়ে আসার অনুরোধ করা হয়েছে।
এছাড়াও ওজন পার্কের আল আমান মসজিদ, ফুলতলী জামে মসজিদ, আল নুর ইসলামিক সেন্টার, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার, পার্কচেস্টার জামে মসজিদ এবং বাংলাদেশ মুসলিম সেন্টারসহ নিউজার্সি, কানেক্টিকাট, টেক্সাস, ক্যালিফোর্নিয়া ও পেনসিলভানিয়ার বিভিন্ন স্টেটে ঈদের জামাতের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রবাসীরা আশা করছেন, সব সংকট ও অনিশ্চয়তা কাটিয়ে এবারের ঈদ সবার জীবনে শান্তি ও আনন্দের বার্তা বয়ে আনবে।