জৈন্তাপুরে বিজিবির পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত

জৈন্তাপুরে বিজিবির পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত

সিলেটের জৈন্তাপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) সকাল আনুমানিক ১০টা ৫ মিনিটে উপজেলার ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের তামাবিল-সিলেট মহাসড়কের সারিঘাট এলাকার আব্দুল শহীদ স্টোরের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের আখালিয়া থেকে তামাবিলের দিকে যাচ্ছিল ৪৮ বিজিবির একটি ডাবল কেবিন পিকআপ (নম্বর- সিলেট ঠ-১১-০০৩২)। একই সময়ে সারিঘাট থেকে দরবস্তমুখী একটি মোটরসাইকেল মহাসড়কে ওঠার সময় পিকআপটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেল আরোহী সাদ্দাম হোসেন পিকআপের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত তাঁকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সাদ্দাম হোসেন রাজশাহী জেলার বাগমারা উপজেলার জামালপুর গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি বিকন ফার্মা নামে একটি ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন। কর্মসূত্রে তিনি সিলেট অঞ্চলে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে।

খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে নিহতের স্বজনরা হাসপাতালে পৌঁছালে তাদের কাছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে তামাবিল-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

 

আমারসিলেট/এমএসএস

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০
  • ১২:০২
  • ৪:৩৬
  • ৬:৩৯
  • ৭:৫৯
  • ৫:২১