কোম্পানীগঞ্জে হাটে গরু বাঁধা নিয়ে সংঘর্ষের জেরে আহত যুবকের মৃত্যু

কোম্পানীগঞ্জে হাটে গরু বাঁধা নিয়ে সংঘর্ষের জেরে আহত যুবকের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জে গরুর হাটে গরু বেঁধে রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের জেরে গুরুতর আহত আবুল হোসেন (আবুল মিয়া) নামের এক যুবক ছয় দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

বুধবার (২৭ মে) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আবুল হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার গৌরিনগর গ্রামের আক্রম আলীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ মে কোম্পানীগঞ্জের খাগাইল ও গৌরিনগর গ্রামের লোকজনের মধ্যে গরুর হাটে গরু বেঁধে রাখা নিয়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে ওই দিন দিবাগত রাত প্রায় ১টার দিকে ধোপাগুল এলাকায় গাড়ি রেখে বাড়ি ফেরার পথে আবুল হোসেনের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাঁকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।

পরে স্বজনরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউ শয্যা না পাওয়ায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বিকেলে আবার ওসমানী হাসপাতালে এনে আইসিইউতে ভর্তি করা হলে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত আবুল হোসেন বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ছয় দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১১:৫৩
  • ৪:২৮
  • ৬:৩৬
  • ৮:০০
  • ৫:০৬