
মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপির দুই নেতাকে বহিষ্কারের ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। অভিযুক্তরা বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদকের স্বাক্ষর জাল করে ওই বিজ্ঞপ্তি তৈরি ও প্রচার করেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট নেতারা।
অভিযোগে বলা হয়, উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমদ উর রহমান খান মুরাদ এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ চৌধুরী শাহীনকে দল থেকে বহিষ্কারের দাবি উল্লেখ করে একটি প্রেস বিজ্ঞপ্তি গত ১৮ মে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় দুই নেতা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তাঁদের দাবি, বিভিন্ন ফেক ফেসবুক আইডি থেকে পরিকল্পিতভাবে ভুয়া বিজ্ঞপ্তিটি ছড়ানো হচ্ছে।
আহমদ উর রহমান খান মুরাদ ও আব্দুস সামাদ চৌধুরী শাহীন বলেন, “একটি কুচক্রী মহল আমাদের রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এ অপপ্রচার চালাচ্ছে। বিএনপির কেন্দ্রীয় প্যাড ব্যবহার করে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি তৈরি করে ফেসবুকে প্রচার করা হয়েছে।”
এ বিষয়ে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন বলেন, “প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট দুই নেতাকে আইনগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।