সিলেটে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সিসিকের ‘পচনশীল ব্যাগ’, তবে বিতরণে সীমাবদ্ধতা

সিলেটে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সিসিকের ‘পচনশীল ব্যাগ’, তবে বিতরণে সীমাবদ্ধতা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিপুল পরিমাণ কোরবানির বর্জ্য দ্রুত ও পরিবেশবান্ধব উপায়ে অপসারণে অভিনব উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব এড়াতে এবার কোরবানিদাতাদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে বিশেষ পরিবেশবান্ধব ‘বায়োডিগ্রেডেবল’ (পচনশীল) ব্যাগ।

তবে চাহিদার তুলনায় বাজেট স্বল্পতা ও বিতরণ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে সব কোরবানিদাতা এই ব্যাগ পাননি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৮ মে) সরেজমিনে নগরের কাজীরবাজার, ম‌দিনা মার্কেট, পাঠানটুলা, শিবগঞ্জ, আম্বরখানা ও ফাজিলচিশত এলাকায় দেখা যায়, সিসিকের পরিচ্ছন্নতাকর্মীরা সবুজ রঙের বিশেষ ব্যাগে কোরবানির বর্জ্য সংগ্রহ করছেন। পরে এসব বর্জ্য ট্রাকযোগে নির্ধারিত স্থানে পরিবহন করা হচ্ছে।

সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গেছে, নগরজুড়ে প্রায় এক হাজার পরিচ্ছন্নতাকর্মী একযোগে কাজ করছেন। বর্জ্য পরিবহনে সিসিকের নিজস্ব ৬০টি ট্রাকের পাশাপাশি আরও ৫৫টি ভাড়া করা ট্রাক সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে।

সিসিক সূত্রে আরও জানা যায়, এবার নগরে আনুমানিক ২০ থেকে ২৫ হাজার পশু কোরবানি হয়েছে। এর বিপরীতে প্রায় ৩০ হাজার বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়, যার প্রতিটির মূল্য প্রায় ৫১ টাকা হলেও কোরবানিদাতাদের বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। প্রতিটি ব্যাগের ধারণক্ষমতা ২৫ কেজি বর্জ্য।

তবে একাধিক পশু কোরবানি হওয়ায় অনেক পরিবারে অতিরিক্ত ব্যাগের প্রয়োজন হলেও বাজেট সীমাবদ্ধতার কারণে তা সরবরাহ করা সম্ভব হয়নি বলে স্বীকার করেছে সিসিক কর্তৃপক্ষ।

নগরবাসী এই উদ্যোগকে স্বাগত জানালেও ব্যাগ বিতরণে অসমতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।  নাসিম আহমদ নামের এক ব‌্যা‌ক্তি  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাগের ছবি শেয়ার করে লিখেছেন, এই উদ্যোগ বর্জ্য ব্যবস্থাপনাকে আরও স্বাস্থ্যসম্মত ও সহজ করেছে। তবে ফাজিলচিশত এলাকার অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জব্বার অভিযোগ করেন, “সবাই ব্যাগ না পাওয়ায় অসাম্য তৈরি হয়েছে।”

পরিবেশবিদ ও নগর পরিকল্পনাবিদরা এ উদ্যোগকে ‘মাইলফলক’ হিসেবে উল্লেখ করে এটিকে ঈদকেন্দ্রিক না রেখে সারা বছরব্যাপী চালুর আহ্বান জানিয়েছেন। তাদের মতে, ছোট আকারের ব্যাগ চালু, বেসরকারি অংশীদারিত্বে উৎপাদন এবং পলিথিন নিষিদ্ধের মতো নীতিগত পদক্ষেপ নিলে এই ব্যবস্থা আরও কার্যকর হবে।

সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) একলিম আবদীন বলেন, গত বছরের পরীক্ষামূলক কার্যক্রমের পর এবার ব্যাপকভাবে এই ব্যাগ বিতরণ করা হয়েছে।

তিনি জানান, ঈদকে ঘিরে বিশেষ প্রস্তুতির অংশ হিসেবে প্রতিটি ওয়ার্ডে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে এবং ২৪ ঘণ্টার হটলাইন চালু রাখা হয়েছে। আমাদের কর্মীরা সার্বক্ষণিক মাঠে আছেন। আশা করছি, বিকেল ৫টার মধ্যেই বর্জ্যের বড় অংশ অপসারণ সম্পন্ন হবে, তিনি বলেন।

সিসিক কর্তৃপক্ষ নগরবাসীকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানিয়ে বর্জ্যমুক্ত ও পরিচ্ছন্ন নগর গঠনে সহযোগিতা কামনা করেছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১১:৫৩
  • ৪:২৮
  • ৬:৩৬
  • ৮:০০
  • ৫:০৬