জৈন্তাপুরে বাসের পেছনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধকে পিষল নোহা

সিলেটের জৈন্তাপুর উপজেলার তামাবিল মহাসড়কের সারিঘাট দক্ষিণ বাজার এলাকায় একটি নোহা মাইক্রোবাসের চাপায় সৈয়দুর রহমান (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত সৈয়দুর রহমান সিলেটের গোয়াইনঘাট উপজেলার লাফনাউট এলাকার ফাদলীপুর গ্রামের বাসিন্দা আব্দুল লতিফের ছেলে। মৃত্যুকালে তিনি ৬ কন্যা সন্তান রেখে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে গোয়াইনঘাটগামী ‘সাফা মারওয়া পরিবহন’র একটি বাস (সিলেট ব-১১-০১৫৯) সারিঘাট দক্ষিণ বাজার এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় নিহত সৈয়দুর রহমান বাসটির পেছনে অবস্থান করছিলেন। হঠাৎ জাফলংগামী একটি দ্রুতগতির নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৩-৬৬২০) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে থাকা সৈয়দুর রহমানকে সজোরে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় জনতা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় তামাবিল হাইওয়ে থানা পুলিশ। তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক নোহা গাড়িটি আটক করতে সক্ষম হয়েছে।

তিনি আরও জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪০
  • ১১:৫৩
  • ৪:২৯
  • ৬:৩৯
  • ৮:০৩
  • ৫:০৪