
বিদায়ী মে-২০২৬ মাসে সিলেট মহানগরীতে অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং চোরাচালান রোধে পরিচালিত অভিযানে ১,৬৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মাসব্যাপী এসএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। একই সময়ে এসএমপির ৬টি থানায় ১৮৩টি নিয়মিত মামলা রুজু এবং ১৭৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মে মাসের অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মেট্রো অধ্যাদেশে ৯৪৩ জন, নিয়মিত মামলার আসামি ১৯২ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ১৯১ জন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী ৯৯ জন, হকার ৯০ জন, চোর-ডাকাত ৫৬ জন, জুয়াড়ি ৫২ জন ও ছিনতাইকারী রয়েছে ৪২ জন।
গ্রেফতারকৃত সবার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনি ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মে মাসে উদ্ধার করা হয়েছে ৯১১ পিস ইয়াবা, ৪১ বোতল বিদেশী মদ, ২০ লিটার দেশী কেরু মদ, ১ কেজি ৪৮ পুড়িয়া গাঁজা এবং গাঁজার ৭টি জীবন্ত গাছসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।
সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে আসা ভারতীয় পণ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল পুলিশ। মে মাসের বিভিন্ন অভিযানে উদ্ধার হওয়া অবৈধ ভারতীয় পণ্যের তালিকায় রয়েছে:
খাদ্যসামগ্রী: ১১,৪৪০ কেজি ভারতীয় জিরা, ৪৫০ কেজি ভারতীয় চিনি, ২,১৫০ কেজি ভারতীয় ফুসকা, ১৪৭ কেজি পুস্তদানা, ১৩,৫৭১ পিস ভারতীয় চকলেট এবং ৬০০ পিস চিপস।
প্রসাধন ও অন্যান্য সামগ্রী: ১০,৩৩২ পিস ভারতীয় ক্রিম, ১,৬০৫ কেজি অবৈধ চা পাতা, ৬,৪৮০ পিস কাভেরি মেহেদি, ৯২৪ পিস ভারতীয় বেনজু এবং ৪৮০ পিস কেও কার্পিন অলিভ অয়েল।
আতশবাজি ও বস্ত্র: ৩,০০০ পিস হাইড্রো বোম্ব (HYDRO BOMB), ৭,৬০০ পিস তারাবাতি এবং ১৬২ পিস ভারতীয় কম্বল।
মে মাসে এসএমপির ডিবি (DB) পুলিশের বিশেষ প্রচেষ্টায় নাগরিকদের হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৫,০০০ টাকা উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগ মোট ৩,৫৫১টি গাড়ির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ১,৬৯২টি গাড়ির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১,৮৫৯টি বিভিন্ন প্রকার গাড়ি আটক করা হয়েছে।
এসএমপি প্রশাসন জানিয়েছে, সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল ও অপরাধ দমনে পুলিশের এই নিয়মিত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।