
সিলেটে আন্তর্জাতিক মানের ১ হাজার শয্যাবিশিষ্ট একটি বিশাল হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই মেগা প্রকল্পে এককভাবে বিনিয়োগ করবে বন্ধুপ্রতিম রাষ্ট্র চীন। ইতিমধ্যে প্রস্তাবিত এই হাসপাতালের জন্য চূড়ান্ত স্থান নির্বাচন ও মাঠপর্যায়ের সমীক্ষা প্রক্রিয়া শুরু হয়েছে।
জানা গেছে, এই বিশেষ হাসপাতাল নির্মাণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করতে ও স্থান নির্ধারণী বৈঠকে অংশ নিতে গতকাল মঙ্গলবার (২ জুন) রাতে বিশেষ সফরে সিলেটে এসেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রীদের নির্বাচনী এলাকা সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের যেকোনো একটি উপযুক্ত স্থানে এই হাসপাতাল নির্মাণের ব্যাপারে নীতিগত আলোচনা চলছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রবাসী কল্যাণ মন্ত্রী। এরপর রাত সোয়া ৯টায় তিনি সিলেট সার্কিট হাউসে ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণের প্রাথমিক রূপরেখা ও স্থান নির্বাচনের বিষয়ে ঢাকায় নিযুক্ত চীনা প্রতিনিধি ও বিনিয়োগকারীদের সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আজ বুধবার (৩ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী চীনা বিনিয়োগকারী ও প্রকৌশলীদের একটি প্রতিনিধিদল নিয়ে তাঁর নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার বেশ কয়েকটি সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করবেন। স্থান চূড়ান্ত হওয়ার পর দ্রুতই প্রকল্পের মূল নকশা ও নির্মাণকাজের ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া আজ বিকেল ৩টায় মন্ত্রী সিলেট ডায়াবেটিক হাসপাতালের একটি গুরুত্বপূর্ণ সাধারণ সভায় উপস্থিত থাকবেন। সফরসূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করার কথা রয়েছে মন্ত্রীর।
সিলেটের সচেতন মহল মনে করছেন, এই ১ হাজার শয্যার হাসপাতালটি নির্মিত হলে শুধু সিলেট-৪ আসনই নয়, বরং পুরো সিলেট বিভাগের চিকিৎসাসেবার মানে এক যুগান্তকারী পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষকে আর উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা বিদেশমুখী হতে হবে না।